কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৭:১৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৮:৫০ পিএম
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
কুমিল্লা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি।
মঙ্গলবার (১০ অক্টোবর) কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কয়েদির নাম মোতালেব। তার বাড়ি সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামে। মোতালেব ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত বছরের ১৪ জুলাই থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
কারা সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে মোতালেব হৃদরোগে আক্রান্ত হলে কারা চিকিৎসক তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তারপর কারা কর্তৃপক্ষ তকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, অসুস্থ হয়ে পড়ায় আমরা তাৎক্ষণিক ওই কয়েদিকে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সুরতহাল ও ময়নাতদন্তের কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।