× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

সংস্কারকাজে ‘ধীরগতি’, দীর্ঘ যানজট, ভোগান্তি

সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১১:৫৩ এএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১২:০৫ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কারকাজ শেষ না হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারীদের। প্রবা ফটো

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কারকাজ শেষ না হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারীদের। প্রবা ফটো

দুই দফা সময় বাড়ানোর পরও শেষ হয়নি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সংস্কারকাজ। সড়কটি চার থেকে ছয় লেনে উন্নীতকরণ কাজ শুরু হয় দুই বছর আগে। সংস্কার কার্যক্রম শেষ না হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারী ব্যক্তিদের। বিশেষ করে সড়কের চানমারী অংশে কাজ শুরুর পর থেকে স্থবির হয়ে পড়ে গোটা শহর। এখন প্রতিদিনই চাষাঢ়ামুখী প্রতিটি সড়কেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে করে প্রতিটি সড়কেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ছেন যাত্রী ও যানবাহনের চালকরা। 

সংস্কারকাজের ধীরগতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, কাজের ধীরগতি, সড়ক সংকুচিত হওয়া এবং সড়কে খানাখন্দের কারণে সৃষ্ট যানজটে চরম বিপাকে পড়েছে জনগণ। চলমান কাজের কারণে দুই বছরেরও বেশি সময় ধরে ভোগান্তির শিকার হচ্ছে জেলার লাখ লাখ মানুষ। সবার একটি প্রশ্ন, এই সড়কের কাজের এমন ধীরগতির কারণ কী? কবে কমবে মানুষের এই দুর্ভোগ? 

তবে কাজের ধীরগতির বিষয়টি অস্বীকার করে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কাজে কোনো ধীরগতি নেই। এটা একটা ইঞ্জিনিয়ারিং কাজ, সিসি করা, ঢালাই করাসহ এখানে প্রচুর কাজ থাকে। এ ছাড়া প্রথম মেয়াদে বৈদ্যুতিক খুঁটি সরানোসহ নানা জটিলতা দেখা দেওয়ায় এবং দ্বিতীয় মেয়াদে কাজের সময় এক কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জমিসংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। পরে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তৃতীয় দফায় এ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে পরবর্তী মেয়াদের আগেই প্রকল্পটির কাজ শতভাগ শেষ করা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। 

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সূত্রমতে, সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৪৪৯ কোটি ৫৮ লাখ টাকা। সড়ক উন্নীতকরণ পরবর্তী সড়কটি প্রায় প্রশস্ত হবে ১৪২ ফুট। এই প্রকল্পের আওতায় সড়কের ৩টি পয়েন্টে হবে আন্ডারপাস ও দুটি পয়েন্টে ফুটওভার ব্রিজ হবে। সাইনবোর্ড ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফুট ওভারব্রিজ এবং শিবু মার্কেট, জালকুড়ি ও ভুইগড়ে আন্ডারপাস নির্মাণ হবে। 

জানা যায়, যানজট নিরসনের উদ্দেশ্যে ২০১৯ সালের ৮ জুলাই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের প্রস্তাব পরবর্তী প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হলে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর এনডিই-টিবিএল-এইচটিবিএল-জেভি নামক যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ নির্ধারণ হয় ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু প্রথম মেয়াদ শেষ হলেও প্রকল্পের বৃহদাংশ কাজ অবশিষ্ট থাকায় কার্য সম্পাদনে প্রকল্পের নতুন মেয়াদ ধরা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। 

বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ শহর থেকে বের হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হলো এই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। গার্মেন্টস, হোসিয়ারি সিমেন্ট, লবণসহ ১৯টি শিল্পপণ্য পরিবহন ছাড়াও যাত্রীবাহী বাস, পিকআপ, মালাবাহী ট্রাক এ সড়ক দিয়েই চলাচল করে। গুরুত্বপূর্ণ এ সড়কটির প্রস্থ খুবই ক্ষীণ হওয়ায় ৬ লেনে উন্নীতকরণকাজের চুক্তি হয় ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি। কিন্তু মেয়াদ বাড়ানোর পরও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। 

সরেজমিনে দেখা গেছে, সড়কটির চানমারী অংশে কাজ শুরুর পর থেকে ঢাকামুখী অংশটি অত্যন্ত সংকুচিত হয়ে পড়ে। ফলে নারায়ণগঞ্জ শহর থেকে বের হতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। এতে করে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, যানজটের লেজ গিয়ে পড়ছে মূল শহরে। যার কারণে থমকে যাচ্ছে গোটা শহর, শহরের বঙ্গবন্ধু সড়ক, পঞ্চবটি সড়কে গাড়ি আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এ ছাড়া শিবু মার্কেট ও জালকুড়ি এলাকার সড়কে খানাখন্দের কারণে গতি কমিয়ে চলতে হয় চালকদের। ফলে সড়কের এই স্থানগুলোতে সৃষ্টি হয় যানজটের। 

দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে থাকা বন্ধন পরিবহনের যাত্রী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনের কাজ খুবই ধীরগতিতে চলছে। এ প্রকল্পের ধীরগতির কারণে আমরা যারা নিয়মিত যাতায়াত করি তাদের বর্তমানে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আমরা এ দুর্ভোগ থেকে মুক্তি চাই।’

ব্যবসায়ী মিরাজ হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড যেতে ২০ থেকে ২৫ মিনিটের রাস্তা। অথচ এখন এক থেকে দুই ঘণ্টা যানজটে বসে থাকতে হয়। অল্প একটু রাস্তার জন্য ঘণ্টার পর ঘণ্টা আমাদের জ্যামে বসে থাকতে হচ্ছে।’

একই অভিযোগ করে উৎসব পরিবহনের যাত্রী আশিক বলেন, তীব্র গরমে যানজটে আটকা পড়ে সবাই কষ্ট পাচ্ছে।

গণপরিবহনের চালকরা জানান, দীর্ঘদিন ধরে চলছে কাজ। সংস্কারকাজ শুরুর পর দুর্ভোগ আরও বেড়েছে। রাতের বেলায় সংস্কার বা মেরামতের কাজ করলে জনদুর্ভোগ কমত। 

এ বিষয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের উপমহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন শামীম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সেনাবাহিনীর সঙ্গে গোলমালের কারণে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক, পুলিশ-র‌্যাব সবার সঙ্গে বসে পরিকল্পনা করেই কাজ করা হচ্ছে। উন্নয়নকাজ চলমান থাকায় তো কিছুটা সমস্যা হবেই। প্রতিটি সংস্থা সর্বদা সজাগ এবং আমাদের নিজস্ব টিম ও পুলিশের লোক আছে, যাতে দীর্ঘ যানজটের সৃষ্টি না হয়।’

এ ছাড়া আগামী এক মাসের মধ্যেই চানমারী অংশের ঢালাইয়ের কাজ শেষ করা হবে বলেও জানান এই কর্মকর্তা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা