× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদির বাধায় বন্ধ সড়কের সংস্কারকাজ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ২০:০৬ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ২০:২৭ পিএম

টেকনাফের এই সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির নির্দেশে। প্রবা ফটো

টেকনাফের এই সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির নির্দেশে। প্রবা ফটো

টেকনাফে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশ থেকে মাটি খোঁড়ায় একটি সড়কের সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদির বিরুদ্ধে।

শনিবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের (শহীদ এটিএম জাফর আলম আরকান সড়ক) টেকনাফ পৌরসভার অংশের সংস্কারকাজ নিয়ে এ ঘটনা ঘটে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের টেকনাফ জিরো পয়েন্ট থেকে হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং পর্যন্ত ৩০ দশমিক ৭৬ কিলোমিটার সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ চলছে। গত ৩০ মার্চ এ কাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্র্যাস্ট্রাকচার লিমিটেড। প্রকল্পের অধীনে সড়কের সংস্কার ও প্রশস্ত করার জন্য ১৬৯ কোটি টাকা এবং পাঁচটি সেতু নির্মাণের জন্য ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এক সপ্তাহ ধরে টেকনাফ পৌরসভা এলাকায় প্রকল্পের কাজের জন্য সড়কের দুই পাশের মাটি কাটা হয়। শনিবার রাতে কাজ চলাকালীন অবস্থায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পৌরসভা এলাকায় চলমান কাজ পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্র্যাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপক আবদুল মজিদ বলেন, ’পৌরসভার বাসস্টেশন এলাকায় দুই লেন সড়কের সংস্কারকাজ চলছিল। এ সময় হঠাৎ করে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি লোকজন নিয়ে হাজির হন। একপর্যায়ে তিনি কাজ বন্ধ রাখতে বলেন। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে বলা হয়েছে।’

জানতে চাইলে বাধা দেওয়ার কথা স্বীকার করেন আবদুর রহমান বদি। তিনি বলেন, ’আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জনসভাসহ দলীয় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ওই জায়গা থেকে মাটি খুঁড়ে সড়কে ব্যবহার করার কারণে ঠিকাদারকে বাধা দেওয়া হয়েছে।’

আবদুর রহমান বদির অভিযোগ, সড়কের দুই পাশে মাটি কাটায় পৌরসভার বিভিন্ন এলাকা অনেকটা খাল-পুকুরে পরিণত হয়েছে। তাই তিনি ঠিকাদারকে বলেছেন, খুঁড়ে নেওয়া মাটি ভরাট না করা পর্যন্ত যাতে কাজ শুরু করা না হয়।

জানতে চাইলে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী রঞ্জন কুমার বিশ্বাস বলেন, কাজে বাধা দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বর্তমানে সড়কের সংস্কার ও প্রশস্ত করার কাজ বন্ধ রাখা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা