গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ১৭:৩৭ পিএম
প্রবা ফটো
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে গাইবান্ধায় এক আমেরিকা প্রবাসীর নামে মামলা করা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে আমেরিকা প্রবাসী আতিফ মাহমুদের নামে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেছেন গাইবান্ধা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ রোহিত হাসান রিন্টু।
বিচারক মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাম্মী আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি আতিফ মাহমুদ গাইবান্ধা মাস্টারপাড়া পৌর এলাকার বাসিন্দা। আমেরিকার ফ্লোরিডা রাজ্যের বুয়েন্সে বসবাস করছেন তিনি।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ফেসবুক ব্যবহার করে আতিফ মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব, আপত্তিকর মন্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্য ও রাষ্ট্রবিরোধী তথ্য প্রচার করে আসছেন। প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতা এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের বিরুদ্ধেও বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছেন ওই আমেরিকান প্রবাসী।
মামলার বাদী শেখ রোহিত হাসান রিন্টু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শেখ হাসিনার সুনাম নষ্ট করার জন্য ও তাকে বেকায়দায় ফেলার জন্য স্বাধীনতাবিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন, সেই নেত্রীর নামে কটাক্ষ করবে, অপপ্রচার চালাবে, তার ভাবমূর্তি নষ্ট করবে- এটা মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অতি শিগগিরই যেন এই আসামিকে আইনের আওতায় আনা হয়।’