× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে অভিযোগ

ঝালকাঠিতে দুই পরিবারের রাস্তা বন্ধ করল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ২১:৪৯ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ২২:১২ পিএম

ঝালকাঠিতে দুই পরিবারের রাস্তা বন্ধ করল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের বিরুদ্ধে দুটি পরিবারের চলাচলের পথ দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।  শুক্রবার (৬ অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের ডাক্তারপট্টি এলাকার বাসিন্দা ভুক্তভোগী মঞ্জু বেগম। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জামাতা হাসান মাহামুদ। 

বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় পরিবারের চলাচলের একটি গলির পথ দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার দুটি বিকল্প কোনো পথ না থাকায় বাসায় অবরুদ্ধ হয়ে পড়ে। 

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকায় ঝালকাঠি মৌজায় এসএ ১২৪ খতিয়ানের রেকর্ডীয় মালিক মৃত হাবিবুর রহমানের কাছ থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন প্রায় পাঁচ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। সেখানে সৈয়দ টাওয়ার নামে একটি পাঁচতলা ভবন নির্মাণ করেন হাদিসুর রহমান। ভবনের পেছনে স্থানীয় রাজ্জাক আলীর ওয়ারিশ দুই মেয়ে অঞ্জু বেগম ও মঞ্জু বেগম পরিবার নিয়ে পৌনে দুই শতাংশ সম্পত্তিতে বসবাস করেন। সেই জমিতে রাজ্জাক আলীর অপর মেয়ে ঝন্টু বেগম ও এক ছেলে মন্টু মিয়ার মালিকানা রয়েছে। এ ছাড়াও এর পাশে অপর রেকর্ডীও মালিক মৃত হাবিবুর রহমানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা হাসান মাহমুদের দেড় শতাংশ সম্পত্তি রয়েছে। সে অঞ্জু বেগমের মেয়ের জামাতা। প্রধান সড়কে চলাচলের জন্য তাদের প্রায় চার ফুট একটি সড়ক রয়েছে। সেই সড়ক বুধবার রাতের আঁধারে সৈয়দ হাদিসুর রহমানের লোকজন দেয়াল দিয়ে বন্ধ করে দেয়। ফলে তাদের চলাচলের আর বিকল্প কোনো পথ না থাকায় ভুক্তভোগী পরিবার দুটি বিপাকে পড়ে। এ ঘটনায় তারা জেলা পুলিশ সুপারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাতে সেই দেয়ালে আংশিক ভেঙে দিয়ে চলাচলের পথ স্বাভাবিক করে দেয়। 

এ বিষয়ে অঞ্জু বেগম বলেন, ‘রাতের আঁধারে সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান দেয়াল দিয়ে আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। আমাদের কাছে সিসি টিভির ফুটেজ রয়েছে। এ ঘটনায় আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান বলেন, ‘আমি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে সাত শতাংশ সম্পত্তি ক্রয় করে ভবন নির্মাণ করেছি। অবশিষ্ট সম্পত্তিতে কিছু দিনের জন্য রাজ্জাক আলীর মেয়েদের মানবিক কারণে থাকতে দিয়েছি। এখন তারা জমি ছাড়তে চায় না। তাই আমি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি।’ 

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা চলাচলের পথ স্বাভাবিক করে দিয়েছি। এ ছাড়াও বিষয়টা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা