চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ১৫:৪২ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ১৫:৫২ পিএম
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক অপশক্তি। যারা স্বাধীনতাবিরোধী তারা যেনো কোনোভাবেই দুর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সময় আনসার-ভিডিপির ভূমিকা ছিল অপরিসীম। এই বাহিনী যুবসমাজকে কর্মদক্ষ, নারীর উন্নয়নে কাজ করছে। আনসার-ভিডিপির সদস্যরা সব সংকটেই থাকেন। সামাজিক ব্যধিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রোগ্রামে আনসার-ভিডিপিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।’
বাহিনীটির পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘এবার জাতীয় নির্বাচনে ছয় লাখ আনসার নিয়োজিত থাকবেন। প্রতি কেন্দ্রে ১২ জন সদস্য দায়িত্ব পালন করবেন। পূজাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। সেই তুলনায় তাদের ভাতা বৃদ্ধিকরণ এখন সময়ের দাবি।’
তিনি প্রত্যাশা করেন, শিক্ষামন্ত্রীর সুপারিশে প্রধানমন্ত্রীর কাছে আনসার-ভিডিপির সদস্যদের ভাতা বৃদ্ধির দাবি জানানো হবে।