নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ২১:২৬ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ২১:৫১ পিএম
বিএনপির রোডমার্চ চট্টগ্রামে যাওয়ার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তাদের গাড়িবহরে হামলা হয়েছে। এ সময় বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য নাজমুল হুদা।
তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে গাড়িবহর বড় রাজাপুর এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় দলটির কর্মীরা বিএনপির গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত উপজেলা যুবদলের নেতা মো. শুভ ও সুন্দলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা জাহেদুল হক শাহীনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
আহত কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন—রিয়াদ, সাদ্দাম, বাবু, শাওন, রকি, সুজন, জিহাদ ও উজ্জ্বল।
ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদ্দীন মওদুদ বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে গাড়িবহর নিয়ে রোডমার্চে যাচ্ছিলাম। আমার গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করে। তারা ১৫টি গাড়ি ভাঙচুর করে। এ সময় আমাদের অনেকে আহত হয়েছেন।’
হামলার অভিযোগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল। তিনি বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়ে কিছু জানি না।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘বিএনপির রোডমার্চে হামলার বিষয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।’