গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১৭:২৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩ ১৮:৫০ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় হত্যা চেষ্টায় অভিযুক্ত চারজন। প্রবা ফটো
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা মামলায় ছেলেসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে কোটালীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল দাস পৌরসভার ডহরপাড়া গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী বিমল দাসের একমাত্র ছেলে।
অন্যরা হলেন, উপজেলার পশ্চিম কয়খা গ্রামের রিয়াজুল খন্দকারের ছেলে ফিরোজ খন্দকার, একই গ্রামের নিখিল দাসের ছেলে সুজন দাস ও সোহরাব হাওলাদারের ছেলে রমজান হাওলাদার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে উজ্জ্বল দাসকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিমল দাসের ভাই কালা চাঁদ দাসের অভিযোগে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনা তদন্তে মাঠে নামে। তদন্তের এক পর্যায়ে বিমল দাসকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে উজ্জল দাসের নাম জানতে পারে পুলিশ। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ উজ্জল দাস ও তার সহযোগীদের গ্রেপ্তারে মাঠে নামে।
গতকাল বুধবার রাতে বিমল দাসকে দ্বিতীয় দফায় হত্যা চেষ্টার পরিকল্পনার সময় পৌর মার্কেট এলাকা থেকে উজ্জ্বলসহ ৪ জনকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
মামলার বাদী কালা চাঁদ দাস বলেন, আমার ভাই বিমল দাস তার ব্যবসার প্রয়োজনে কিছু জমিজমা বিক্রির উদ্যোগ নেয়। এই জমি বিক্রির কথা শুনে উজ্জ্বল তার বাবা বিমল দাসের ওপর ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছি। পুলিশ উজ্জলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
ব্যবসায়ী বিমল দাস বলেন, গত মাসের ১৮ তারিখ রাতে কিছু সন্ত্রাসী আমার ওপর হামলা করেছিল। এ ঘটনায় আমি ৩ দিন খুলনা সিটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। তবে কারা আমার ওপর হামলা চালিয়েছিল তা আমার জানা ছিল না। এ ব্যাপারে আমার ভাই কালা চাঁদ দাস বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছে। পুলিশ তদন্ত করে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে বলে আমি শুনেছি।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ব্যবসায়ী হত্যাচেষ্টার অভিযোগে তার ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করেছে। আমরা এই মামলার প্রধান আসামি উজ্জলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছি। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।