× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারণ কবি রাধাপদের ওপর হামলা

কবির শারীরিক অবস্থা অপরিবর্তিত, ধরাছোঁয়ার বাইরে হামলাকারীরা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৬:১১ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩ ০০:৪৩ এএম

হাসপাতালে চিকিৎসাধীন আহত চারণ কবি রাধাপদ রায়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত চারণ কবি রাধাপদ রায়।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে হামলার শিকার চারণ কবি রাধাপদ রায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা বলছেন আঘাত গুরুতর হওয়ায় তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তা ছাড়া গত শনিবার সকালে হওয়া হামলার ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ; যা রহস্যজনক বলছে কবির পরিবার। তবে পুলিশের দাবি, তারা আসামি ধরতে জোরালো অভিযান চালাচ্ছে। তিন জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  

রাধাপদ রায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা।  শনিবার নিজ এলাকাতেই তার ওপর হামলা হয়। এ ঘটনায় রাধাপদ রায়ের ছেলে জুগল রায় নাগেশ্বরী থানায় রফিকুল ইসলাম ও কদুর আলী নামে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।

এজাহারে বলা হয়েছে, প্রায় একমাস আগে স্থানীয় একটি সালিশে আসামিদের সঙ্গে রাধাপদ রায়ের কথা কাটাকাটি হয়। তারই জেরে গত শনিবার পরিকল্পিতভাবে পথরোধ করে তার ওপর আক্রমণ চালান রফিকুল ইসলাম ও কদুর আলী। তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী রফিকুল ইসলাম ও কদুর আলী ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম সফির মদদপুষ্ট। তিনি ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি। তার মদদে এলাকায় নানা সময় বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে থাকে রফিকুল ইসলাম ও কদুর আলী। গত শনিবার তারা কবির শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে কবিকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জানতে শফিউল আলম সফির ফোনে একাধিকবার কল দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

কবির স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সার্বিক চিকিৎসা দিতে। তার অবস্থা ভালো নয়। তিনি কোমরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।’

ঘটনার তিন দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কবির পরিবার। তার ছেলে শ্রী জুগল রায় বলেন, ‘পরিকল্পিতভাবে বাবার ওপর হামলা করেছে চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিউল আলম শফির মদদপুষ্ট রফিকুল ইসলাম ও কদুর আলী। থানায় মামলা করার তিন দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারা রহস্যজনক। আমি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

জানতে চাইলে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। তিনজনকে আটক করা হয়েছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা