× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে দুই দিনের ব্যবধানে দ্বিগুণ কাঁচা মরিচের দাম

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৩ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২২ পিএম

রাজবাড়ীতে দুই দিনের ব্যবধানে দ্বিগুণ কাঁচা মরিচের দাম

রাজবাড়ীতে ফের ঝাঁজ বাড়ছে কাঁচা মরিচের। গত দুই দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম বেড়েছে দ্বিগুণ। এ ছাড়া কেজিতে পাঁচ থেকে দশ টাকা করে বেড়েছে পেঁয়াজ ও আলুর দামও।

ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজবাড়ীতে গত সপ্তাহের শেষ দিকে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে। দুই দিন ধরে তা বিক্রি হচ্ছে ২২০ থেকে আড়াইশ টাকা কেজিদরে। গত সপ্তাহ থেকে পেঁয়াজও বিক্রি হচ্ছে বাড়তি দামে। আগের সপ্তাহে পেঁয়াজ যেখানে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়; সেখানে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অর্থাৎ কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

এদিকে বাজারে আলুর সরবরাহ থাকলেও তা ৪৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। যা গত সপ্তাহের প্রথম দিকে বিক্রি হয়েছিল ৪০ টাকায়।

এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

রাজবাড়ী বড় বাজারে আসা ক্রেতা রহিম মোল্লা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যেভাবে বাজার পরিস্থিতি অস্বাভাবিক হচ্ছে, ক্রয়ক্ষমতা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এতে আমাদের আর বাঁচার উপায় নাই। বর্তমানে কাঁচা মরিচ, পেঁয়াজ ও আলুর দাম সবচেয়ে বেশি। মরিচ কিনতে হচ্ছে দ্বিগুণ দামে।’

তিনি আরও বলেন, ‘সরকার তো তদারকি করে না। বাজারে প্রশাসন তদারকি করলে আমাদের মতো খেটে খাওয়া মানুষ একটু স্বস্তি পেতাম।’

ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘পেঁয়াজে মণ প্রতি ২০০/৩০০ টাকা করে বেড়েছে। এ কারণে খুচরা বাজারে দাম বেড়েছে। এলসি পেঁয়াজের বাজারও চড়া। তবে মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। গত তিন দিন ধরে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।’

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাজার মনিটরিং করতে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে বেশি দাম রাখলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা