নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫২ পিএম
নারায়ণগঞ্জ আদালতে আইনজীবী ছাড়াই এক আসামি জামিনে মুক্তি পেয়েছেন। নারায়ণগঞ্জ আদালতে এই প্রথম এমন জামিনের ঘটনায় সাধারণ বিচারপ্রার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতের বিচারক সিনিয়র ম্যাজিস্ট্রেট মোনালিসা সনি নারায়ণগঞ্জ সদর থানার নয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে বাবুকে কোনো আইনজীবী ছাড়াই জামিনে মুক্তির আদেশ দেন।
আদালতের বেঞ্জ সহকারী মোহাম্মদ হাবিবুল্লাহ মমিন জানান, ফতুল্লা থানার গ্রেপ্তারকৃত হাজতি আসামি মো. বাবু বিজ্ঞ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো আইনজীবীর সহযোগিতা ছাড়াই নিজ জিম্মায় মৌখিকভাবে জামিনের আবেদন করেন।
তিনি জানান, আসামি বাবু ২০ ফেব্রুয়ারি ৪ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয়ে হাজতে যান এবং সরকারিভাবে আইনগত সহায়তা গ্রহণের বিষয়ে অবগত নন। তা ছাড়া তার বাবা-মা না থাকায় কোনো আইনজীবীও নিয়োগ করতে পারেননি। বিজ্ঞ আদালত দীর্ঘ হাজতবাস ও মানবিক দিক বিবেচনা করে এবং জামিনে মুক্তিযোগ্য কি না তা বিবেচনায় নিয়ে তাকে তার নিজ জিম্মায় জামিনে মুক্তির আদেশ প্রদান করেন। মাদকদ্রব্য মামলায় আসামিকে জেলহাজতে আটকের আদেশ দিলে তিনি এই দীর্ঘসময় জেলহাজতে আটক ছিলেন।
আজ মামলার ধার্য তারিখ হওয়ায় আসামি বাবুকে আদালতে হাজির করা হলে তিনি মৌখিকভাবে আদালতে জামিনের প্রার্থনা করলে আদালত তার আবেদন মঞ্জুর করে জামিনে মুক্তির আদেশ দেন।