সিলেট অফিস
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫১ পিএম
সিলেটে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোতিার উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। প্রবা ফটো
সিলেটে
৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী
ডা. দীপু মনি এমপি। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার
উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক
নেহাল আহমেদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি,
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান উপস্থিত ছিলেন।
পাঁচ
দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আগামী ১ অক্টোবর সিলেট আবুল মাল আব্দুল মুহিত
ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মঙ্গলবার সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলে
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সংবাদ সম্মেলন করে।
এ সময় সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার উপস্থিত ছিলেন।
সংবাদ
সম্মেলনে জানানো হয়, ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সবগুলো ইভেন্ট মিলিয়ে
প্রায় চার লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী ফুটবলে
প্রায় দুই লাখ। কাবাডি ও হ্যান্ডবলে প্রায় ৭০ হাজার এবং সাঁতারে প্রায় ৪৫ হাজার ও দাবাতে
১৫ হাজার অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিনটি ইভেন্টে (ফুটবল, কাবাডি, হ্যান্ডবল) ৬ সহস্রাধিক
চৌকস-মেধাবী খেলোয়াড় বাছাই করা হচ্ছে। অনুর্ধ্ব-১৭ বছরের এই খেলোয়াড়দের মধ্যে প্রায়
৩ হাজার ছাত্র এবং ৩ হাজার ছাত্রী। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী এ প্রতিযোগিতা
শুরু করেছে।
প্রতিযোগিতাটি প্রথম শুরু হয় স্কুল/মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে, তারপর প্রতিষ্ঠানগুলো থেকে টিম নিয়ে (একক/দলীয়) উপজেলা এবং মহানগরীর ২০টি থানা পর্যায়ে বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের দলগুলো ৯টি উপ-অঞ্চলে ভাগ হয়ে খেলায় অংশগ্রহণ করে । উপ-অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলো ৪টি অঞ্চল- পদ্মা, গোলাপ, চাঁপা ও বকুলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । এ ৪টি অঞ্চলের বিজয়ী দল আজ বুধবার থেকে সিলেট শহরের বিভিন্ন ভেন্যুতে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে।