জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৩ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৯ পিএম
অভিযুক্ত যুবলীগ নেতা
জামালপুরের বকশীগঞ্জে গত জুনে সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন সাংবাদিক নাদিম। সেই নাদিমের ‘পরিণতির’ কথা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে আজ সোমবার থানায় জিডি করেছেন অভিযোগকারী সাংবাদিক।
অভিযোগকারী এম এ সালাম দৈনিক ‘দেশের কণ্ঠ’ পত্রিকার সাংবাদিক। তার ভাষ্য, যুবলীগের কর্মিসভার একটি ভিডিও ফেসবুকে আপলোড দেওয়া ও ভিডিওর ক্যাপশনকে কেন্দ্র করে বকশীগঞ্জ যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ হোসেন পলাশ তাকে এই হুমকি দিয়েছেন।
তবে সাংবাদিক সালামের এ অভিযোগ অস্বীকার করেছেন যুবলীগ নেতা ফরহাদ।
সাংবাদিক সালাম মাহমুদ বলেন, ‘সম্প্রতি বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি না নিয়ে যুবলীগের একটি কর্মী সংগ্রহ সভা অনুষ্ঠিত হয়। সেই সভার একটি ভিডিও ফেসবুকে আপলোড দেই। ক্যাপশন লেখা হয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত না করেই এই সভা হয়। এরপর যুবলীগ নেতা ফরহাদ আমাকে দুইবার কল দিলে আমি রিসিভ করতে পারিনি। পরে আমি তাকে ফোন দিলে কথা বলার একপর্যায়ে তিনি আমাকে বলেন, ‘আপনারা অনেক বড় সাংবাদিক হয়ে গেছেন। এই জন্যই তো মানুষ আপনাদের নাদিমের (সাংবাদিক নাদিম) মতো রাস্তায় পিটিয়ে মারে। এখনও সময় আছে, ভালো হয়ে যান।’
যদিও যুবলীগের কর্মী সংগ্রহ সভা সংক্রান্ত ওই ভিডিওটি পরে ফেসবুক থেকে তিনি ডিলিট করে দেন বলেও জানান সালাম।
সালাম আরও অভিযোগ করেন, সম্প্রতি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবারের ‘নিম্নমান’ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া নিয়েও তার ওপর ক্ষুব্ধ পলাশ।
এদিকে এ সাংবাদিকের সঙ্গে ফোনে কথা হলেও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন ফরহাদ হোসেন পলাশ। এই যুবলীগ নেতা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাংবাদিক সালামের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কিন্তু আমি তাকে কোনো ধরনের হুমকি দেইনি।’
‘অনুমতি না নিয়ে কর্মী সংগ্রহ সভা’ সাংবাদিক সালামের ফেসবুকে এমন দাবি নিয়ে ফরহাদ বলেন, ‘আমরা উপজেলা আওয়ামী লীগের অনুমতি নিয়েই কর্মী সংগ্রহ সভা করেছি। অথচ তিনি (সালাম) ফেসবুকে দিয়েছেন অনুমতি না নিয়ে করেছি। তাই তাকে ফোনে বলেছি, ‘সত্য নিউজ করেন, না হয় আল্লাহ বিচার করবে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের খাবারের ‘নিম্নমান’ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হওয়ার বিষয়টিও সত্য নয় বলে দাবি ফরহাদের। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
এদিকে হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন বলেন, ‘সাংবাদিক নাদিম হত্যার পরপরই আরেক সাংবাদিকে হুমকি আমরা কোনোভাবেই মেনে নিব না। আমরা সাংবাদিকরা বসে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ বিষয়ে আমি অবগত না, এমন কিছু শুনিনি। তবে যদি সে (ফরহাদ) সাংবাদিককে হুমকি দিয়ে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘এ ঘটনায় সাংবাদিক সালাম আজ থানায় একটি জিডি করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’