চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪০ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৪ পিএম
সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো. বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রবা ফটো
সহকর্মীকে ধর্ষণের মামলায় মো. বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন অক্সিজেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে স্বামীর সঙ্গে ওই নারীর বিচ্ছেদ হয়। এর দুই বছর পর রাজাশাহীতে ইসলামী ব্যাংক লিমিটেড মেডিকেল হাসপাতালে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানে তার সঙ্গে প্রাশাসনিক কর্মকর্তা মো. বোরহান উদ্দিনের সখ্য গড়ে ওঠে। ২০২২ সালের মে মাসে ওই নারী অসুস্থ হলে বোরহান উদ্দিন তার বাসায় খোঁজখবর নিতে যান। সেখানে তিনি ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না বলতে তাকে ভয়ভীতি দেখান।
এর পর বিয়ের কথা বলে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বোরহান। তবে বিয়ের চাপ দিলে তিনি তালবাহানা শুরু করেন। গত ৩১ আগস্ট তিনি ওই নারীকে ফের ধর্ষণ করেন। এক পর্যায়ে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ওই নারী রাজশাহীর শাহমাখদুম থানায় একটি মামলা করেন। অভিযোগ পেয়ে রবিবার র্যাব-৭ চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে বোরহানকে গ্রেপ্তার করা হয়।