× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাব্য ফেরাতে করতোয়ায় ভাসল প্রতীকী নৌকা

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৯ পিএম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৪ পিএম

করতোয়া নদীতে রঙিন নৌকা ভাসাচ্ছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

করতোয়া নদীতে রঙিন নৌকা ভাসাচ্ছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো

বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীর নাব্য ফেরানোর দাবিতে মানববন্ধন ও প্রতীকী নৌকা ভাসানো কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে রবিবার (২৪ সেপ্টেম্বর) শহরের মালতিনগরের এসপি ব্রিজ এলাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষ থেকে ভিন্নধর্মী কর্মসূচিটি পালন করা হয়।

দুপুর ১২টা থেকে আধা ঘণ্টার মানববন্ধন শেষে ওই কর্মসূচির অংশ হিসেবে বগুড়া মহিলা কলেজের শিক্ষার্থীরা ব্রিজটির নিচে কাগজের তৈরি রঙিন দেড়শ নৌকা ভাসিয়ে দেন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নদীর নাব্য ফেরানোর দাবি জানিয়ে বলেন, ‘নদী আমাদের জীবন। নদী আমাদের সভ্যতা। করতোয়া নদী না হলে বগুড়া শহর প্রতিষ্ঠিত হতো না। অথচ সেই নদীকে আমরা ধীরে ধীরে ধ্বংস করে ফেলেছি। করতোয়াকে হত্যার পেছনে প্রাকৃতিক কারণ যতটুকু তার চেয়ে বেশি মানবসৃষ্ট। আমরা করতোয়া নদীকে জীবন্ত দেখতে চাই।’

নৌকা ভাসানোর আগে মানববন্ধনে অংশ নিয়ে বগুড়া মহিলা কলেজের শিক্ষার্থী তাসমিয়া বলেন, ‘করতোয়া নদীতে আমরা সারা বছর স্বচ্ছ পানি দেখতে চাই। আগের মতোই বড় বড় নৌকার চলাচল দেখতে চাই। আমরা আমাদের সেই আকাঙ্ক্ষার কথা তুলে ধরতেই প্রতি বছর নদীতে কাগজের নৌকা ভাসাই।’

বাপা বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বজলুল করিম বাহার, বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বার হোসেন প্রামাণিক, সংগঠনটির সহসভাপতি প্রফেসর আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ডলার।

বজলুল করিম বাহার বলেন, ‘করতোয়া নদী না বলে এখন ভাগাড় বলাই ভালো। কারণ শহরের ফতেহ আলী ও চাষি বাজারে জবাই করা গরু-ছাগল, হাঁস-মুরগি ও কবুতরের নাড়িভুঁড়ি, পালক ও বিষ্ঠাসহ মৃত পশুপাখি ফেলা হয় ওই নদীতে। কখনও দেখা যায় মরা শূকর পড়ে আছে। বর্ষার কয়েকটি দিন ছাড়া বছরজুড়েই এ নদীতে থাকে না স্রোত। করতোয়ার অবস্থা তাই ভীষণ করুণ। প্রায়ই শুনি, করতোয়া রক্ষায় এ প্রকল্প নেওয়া হয়েছে, ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু কাজের কাজ হয় না কিছুই।’

২০০৩ সালের প্রথম প্রকল্পের বাস্তবায়ন ঘটেনি আজও

দখল-দূষণের মাত্রা ভয়াবহ রূপ নিলে গত শতকের নব্বইয়ের দশকে স্থানীয় নাগরিকসমাজ করতোয়া রক্ষার আন্দোলনে নামে। তাদের আন্দোলনের মুখে পাউবোর উদ্যোগে করতোয়ায় নাব্যতা ফেরাতে ২০০৩ সালে ১৩০ কোটি টাকা ব্যয়ে প্রথম একটি প্রকল্প নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও এর বাস্তবায়ন ঘটেনি। এ অবস্থায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) মাঠে নামে। সংগঠনটির পক্ষ থেকে করতোয়া নদীর দখল-দূষণ রোধের পাশাপাশি স্লুইস গেট অপসারণের লক্ষ্যে ২০১৫ সালে বগুড়ার জেলা প্রশাসক, পাউবো, পরিবেশ অধিদপ্তর, বগুড়া পৌরসভা এবং জাতীয় নদী কমিশনসহ ১৯টি প্রতিষ্ঠানকে আইনি নোটিস পাঠানো হয়।

তারপরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় বেলার পক্ষে উচ্চ আদালতে রিট করা হয়। শুনানির পর আদালত করতোয়া নদীতে সব ধরনের বর্জ্য ফেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভাকে নির্দেশ দেন। একই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মিত স্লুইস গেটের পরিবেশগত প্রভাব নির্ণয় করে প্রতিবেদন দিতেও পাউবোকে নির্দেশ দেন আদালত।

আদালতের এ নির্দেশনার পর অবৈধ দখল উচ্ছেদে তৎপর হয় প্রশাসন। সীমানা পরিমাপ শেষে ২০১৯ সালের মার্চে জেলা প্রশাসনের পক্ষ থেকে করতোয়ার দুই পাড়ে ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর করতোয়ার জায়গা দখলের অভিযোগে চলতি বছরের মার্চে বেসরকারি সংস্থা টিএমএএসের বিরুদ্ধে মামলাসহ মোটা অঙ্কের জরিমানাও করা হয়। এ সময় পাউবো থেকে টিএমএসএসের দাবি করা জায়গাকে খাস সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও কোনো উদ্যোগ চোখে পড়েনি।

সবার দৃষ্টি পাউবো প্রকল্পের দিকেই

প্রশাসনের তৎপরতায় করতোয়া নদীর দখল আপাতত ঠেকানো গেলেও এর দূষণ কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। উচ্চ আদালতের নির্দেশ পালনের লক্ষ্যে পৌরসভা কর্তৃপক্ষ নদীর বিভিন্ন স্থানে ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ লেখা সাইনবোর্ড টাঙিয়েই দায়িত্ব শেষ করেছে। কিন্তু সরেজমিন দেখা গেছে, ওই সাইনবোর্ডের নিচেও ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা হচ্ছে। শহরের লালমাটির ঘাট, দত্তবাড়ি সেতু এবং ফতেহ আলীর পুরোনো সেতু এলাকাতেই সবচেয়ে বেশি ময়লা-আবর্জনা চোখে পড়ে।

করতোয়ার দখল-দূষণ রোধে স্থায়ী সমাধানের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক এবং বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশার কাছে। এ প্রসঙ্গে তারা প্রত্যেকেই জানালেন, পাউবোর নেওয়া প্রকল্প বাস্তবায়িত হলেই করতোয়া নদীর দখল-দূষণ সংক্রান্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে।

 বড়-ছোট কোনো প্রকল্পেই গতি নেই

করতোয়া নদীর নাব্য ফেরাতে ২০১৯ সালে ২ হাজার ৯৪২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়। ওই প্রকল্পের আওতায় বগুড়া জেলা সীমানায় করতোয়ার ১২৩ কিলোমিটার অংশের পাশাপাশি ইছামতীর ৭৩ কিলোমিটার এবং গজারিয়া নদীরও প্রায় ৩৫ কিলোমিটার অংশ পুনরায় খননের প্রস্তাব করা হয়। ওই প্রকল্পের অধীনে শহরের উত্তরে মাটিডালি থেকে বনানী পর্যন্ত করতোয়ার দুই পাশে ২৭ কিলোমিটার সড়ক নির্মাণের কথাও বলা হয়।

তবে অত্যধিক ব্যয়ের কারণে বড় ওই প্রকল্পটি বাস্তবায়নে দেরি হতে পারে মনে করে ২০২১ সালে বগুড়া শহর এবং সংলগ্ন ২০ কিলোমিটার এলাকা (উত্তরে টিএমএসসের মমইন ইকোপার্ক থেকে দক্ষিণে বনানীর ভাটি পর্যন্ত) জুড়ে করতোয়া পুনঃখনন এবং পাশের সুবিল খাল সংস্কারের জন্য মাত্র ৫০ কোটি টাকা ব্যয়ে ছোট আরেকটি প্রকল্প নেওয়া হয়। বাস্তবতা হলো বড় প্রকল্পটি এখনও পরিকল্পনা কমিশনেই আটকে আছে। আর ছোট প্রকল্পটিও প্রাথমিক স্তরেই রয়েছে।

প্রকল্পটির সর্বশেষ অবস্থা জানতে চাইলে পাউবোর বগুড়া বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, ছোট প্রকল্পটি নিয়ে এ মাসেই পরিকল্পনা কমিশনে সভা রয়েছে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা