নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩১ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫১ পিএম
আড়াইহাজারে দিঘিরপাড়ার ছানাউল্লা মিয়ার বাড়ির চারতলা ভবনের একটি ফ্ল্যাটের গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। প্রবা ফটো
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবাসিক ভবনের অবৈধ গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চায়না আক্তার। এর আগে সকালে মারা যান কানিজ খাদিজা নিপা।
দগ্ধ অন্যরা হলেন- নিহত নিপার মা হাসিনা মমতাজ, সোহান তালুকদার ও নাজমুল। তাদের মধ্যে শরীরের ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসিনা মমতাজ ও ১০০ শতাংশ দগ্ধ নিয়ে সোহান তালুকদার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। নিহত চায়না ও নিপার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় চায়না আক্তার মারা যান। এর আগে সকালে মারা যান কানিজ খাদিজা। বাকি যে দুজন চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহত নিপার বোন ইভা ইসলাম জানান, তাদের বাড়ি আড়াইহাজারের গোপালদি এলাকায়। তার বাবার নাম মো. কেসোয়ার মোল্লা। আড়াইহাজারের ওই বাসায় সাবলেট থাকতেন নিপা। তিনি ফকির ফ্যাশনে সুইং পদে কর্মরত ছিলেন। তার মা হাসিনা মমতাজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিপার বাসায় বেড়াতে আসেন।
দগ্ধ সোহানের ভাগনে ফাহিম মোল্লা বলেন, আড়াইহাজার বাজারের পাশে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান ও তার স্ত্রী চায়না। রাতে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তিনি তখন সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। শনিবার সকালে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। সোহান ফকির গার্মেন্টসে চাকরি করেন। তার স্ত্রী চায়না গৃহিণী।
গত শুক্রবার রাতে আড়াইহাজার উপজেলার দিঘিরপাড় এলাকার ছানাউল্লা মিয়ার বাড়ির চারতলা ভবনের একটি ফ্ল্যাটের গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন।
ঘটনার পর প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে জানান, বাসার গ্যাসলাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর অবস্থায় দগ্ধদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মধ্যরাতে নেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।
সেখানে গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কানিজ খাদিজার মৃত্যু হয়। দুপুরের দিকে মারা গেলেন চায়না আক্তার। চিকিৎসাধীন সোহান ও হাসিনা মমতাজের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।