জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৪ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০১ পিএম
নৌকাবাইচের ফাইনাল খেলায় দুই নৌকার চালকদের মধ্যে মারামারির ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা নেন। প্রবা ফটো
জামালপুরের মেলান্দহে নৌকাবাইচের ফাইনাল খেলায় দুই নৌকার চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নৌকার পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর খেলা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টা দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের আমড়ীতলা এলাকায় ব্রহ্মপুত্র নদীতে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, নৌকা তুফানের বৈঠাল (চালক) ইসলামপুর চিনাডুলী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মো. সাইদ, হাসান আলী, বরকত উল্লাহ। অপরপক্ষের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের সোনার তরী নৌকার দুজন বৈঠাল (চালক)।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকাবাইচের সময়ে দুই নৌকার চালকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল বলেন, ঝাউগড়ার নৌকার সঙ্গে ইসলামপুরের জোরা (প্রতিযোগীতা) দিয়েছিল। এ নৌকা (ইসলামপুরের) ওই (ঝাউগড়ার) নৌকার উপরে তুলে দেয়। এটা নিয়েই সমস্যা। ঘটনার পর খেলা স্থগিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফাইনাল খেলায় ইসলামপুর উপজেলার নৌকা তুফান আর মেলান্দহ উপজেলার ঝাউগড়ার নৌকা সোনার তরীর মধ্যে প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীতার শেষ মুহূর্তে তুফানকে আগে বের হতে দেখে সোনার তরীর বৈঠালরা (চালকেরা) ওই নৌকাকে টেনে ধরে নৌকায় থাকা চালকের উপর বৈঠা দিয়ে আক্রমণ করে। পরে ওই নৌকার চালকরাও আক্রমণ করে। এতে দুপক্ষের সংঘর্ষ বাধে। পরে মেলান্দহ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
নৌকাবাইচ খেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন- জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদের প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা।