কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৬ পিএম
আটক সাইফুদ্দিনপঞ্চায়েত। সংগৃহীত ছবি
লক্ষীপুরের রামগতিতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরবাদাম কারামতিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নেতার নাম সাইফুদ্দিনপঞ্চায়েত। তিনি উপজেলার চরবাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকার বাসিন্দা এবং চরবাদাম ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ করেন ওই তরুণী। অভিযোগটি নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে সাইফুদ্দিন পঞ্চায়েতকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা করা হবে। তারপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ করা ওই তরুণী জানান, শ্রমিকলীগ নেতা সাইফুদ্দিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে সাইফুদ্দিন বৃহস্পতিবার রাতে তাকে চাঁদপুর থেকে রামগতির চরবাদাম ইউনিয়নের কারামতিয়া এলাকায় নিয়ে আসে। রাত ২টার দিকে সাইফুদ্দিন তাকে একটি নির্জন স্থানে নিয়ে তিন সহযোগীসহ ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় কারামতিয়া বাজার পাহারাদারের কাছে আশ্রয় নেন এবং শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ করেন।