মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩৬ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৫ এএম
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ এ মাজহারুল হক। সংগৃহীত ছবি
ব্রিটিশবিরোধী সংগ্রামী, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ডা. এ এ মাজহারুল হক (৯৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট আবাসিক এলাকার নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মাজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজের আদিপর্বের ছাত্র মাজহারুল হক প্রায় প্রতিটি বিজয়-সংগ্রামেই অংশ নেন। বিশেষ করে তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অবদান রাখেন। ১৯৪৬-৪৭ সালে ছাত্রাবস্থায় ব্রিটিশ হটাও আন্দোলনে প্রবলভাবে যুক্ত থেকে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে কাজ করেন। ১৯৭১ সালে মাজহারুল হকই প্রথম মুক্তিকামী কিশোরগঞ্জবাসীকে স্বাধীনতার ঘোষণা অবহিত ও প্রচার করেন এবং নিজ বাসভবনেই আত্মসমর্পণের অনুষ্ঠান সম্পন্ন করেন রক্তপাতহীনভাবে। তিনি সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উড্ডীন করেন।
কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারের বাসিন্দা মাজহারুল হক প্রায় ৬৯ বছর কিশোরগঞ্জে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা-সমাজসেবা-রাজনীতির মহান ব্রত পালনের মাধ্যমে মানুষের কল্যাণে নিরন্তর ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
মাজহারুল হকের বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী মাহফুজ পারভেজ ও মেয়ে কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন সাথী মরহুমের আত্মার মাগফিরাত কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।