মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৫ পিএম
মাদ্রাসাছাত্রী সুমাইয়া আক্তার। প্রবা ফটো
কিশোরগঞ্জের হোসেনপুরে হিজাব পিন গিলে ফেলেন সুমাইয়া আক্তার (১৮) নামের এক মাদ্রাসাছাত্রী। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে পেট থেকে অপারেশন ছাড়াই এই পিন বের করে আনেন ডা. মোহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি)।
সুমাইয়া আক্তার জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) এসব তথ্য প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) বলেন, সুমাইয়া মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। পেটে হালকা ব্যথা হচ্ছিল। সন্ধ্যায় শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে এলে এক্সরে করে পজিশন দেখি। পরে অপারেশন ছাড়াই ওই পিনটি আধাঘণ্টা চেষ্টা করে এন্ডোসকপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করেছি। পিনটি নাভির কাছাকাছি গিয়ে গেঁথে ছিল।
তিনি আরও বলেন, আমার পরামর্শ হলো কখনও মুখে পিন নেওয়া যাবে না। কারণ অনেক সময় এবসেন্ট মাইন্ড হয়ে গিলে ফেলা হয়। বাচ্চারাও অনেক সময় পয়সা খেয়ে ফেলে। মুখে কখনও ধাতব কিছু নেওয়া উচিত না।