চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৩ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫০ পিএম
চট্টগ্রাম চেম্বার নেতাদের সঙ্গে জেটরোর প্রতিনিধিদলের মতবিনিময়। প্রবা ফটো
মিরসরাই ইকোনমিক জোন ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে চট্টগ্রামে রপ্তানিমুখী বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী জাপানের ব্যবসায়ীরা।
সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো এ তথ্য জানিয়েছেন।
জেটরোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বলেন, জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশসহ সারা বিশ্বে বিনিয়োগ করে আসছেন। সেই ধারাবাহিকতায় মিরসরাই ইকোনমিক জোন ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে চট্টগ্রামে রপ্তানিমুখী বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে চান তারা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪০টি বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারা। এরই মধ্যে পাঁচটি কোম্পানির সঙ্গে ভূমি চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে স্থানীয় বাজারের জন্য পণ্য তৈরি করা হবে।
চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংগঠনটির সহসভাপতি রাইসা মাহবুব, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ আকতার পারভেজ ও ওমর মুক্তাদির বক্তব্য দেন।
চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ‘জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দেশের বর্তমান অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগ রয়েছে জাপানের। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণ, ঢাকা মেট্রোরেল এবং শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল অন্যতম। জাপানি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা করতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। চিটাগাং চেম্বার আগামী বছর ‘বে অব বেঙ্গল গ্রোথ সামিট’ আয়োজনের পরিকল্পনা করছে এবং চিটাগাং চেম্বার থেকে একটি বাণিজ্য প্রতিনিধিদল জাপান সফর করার আগ্রহ প্রকাশ করেছে।’
এ সময় চেম্বার সভাপতি ৫১ বছর ধরে জাপানের অব্যাহত উন্নয়ন সহযোগিতাকে আরও প্রসারিত করার লক্ষ্যে জাপানে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের অনুরোধ জানান।
চেম্বার সহসভাপতি রাইসা মাহবুব বলেন, ’মানসম্মত ওষুধ উৎপাদনের লক্ষ্যে ফার্মাসিউটিক্যালস সেক্টরে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের জন্য চট্টগ্রামে জাপানি বিনিয়োগকারীদের আহ্বান জানাই। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের সহযোগী হিসেবে সব ধরনের সেবা দিতে চিটাগাং চেম্বার প্রস্তুত রয়েছে।’
চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ পর্যটন খাতে জাপানের ব্যবসায়ীদের বিনিয়োগের প্রত্যাশা করেন। চেম্বার পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ অটোমোবাইল সেক্টরে অর্জিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং (ওইএম) মোটর পার্টস উৎপাদনে জাপানের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান।