জামালপুর সংবাদদাতা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৯ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম
মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। প্রবা ফটো
জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ থানায় জমা পড়েছে।
মেলান্দহ থানায় অভিযোগটি করেছেন মধ্য ঝাউগড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে কৃষক সুলতান মিয়া। এতে বলা হয়েছে, বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে গত ১১ সেপ্টেম্বর থেকে তার পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। কেটে নেওয়া হয়েছে তাদের বাড়ির গাছপালাও।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, মধ্য ঝাউগড়া এলাকার মো. মোস্তফা, তার ছেলে মো. রাসেল, মো. রুবেল, মো. লিয়াকত, তার ছেলে আনিছ ও গৃহবধূ নাছিমা বেগম।
সুলতান বলেন, ‘ঝাউগড়া মৌজার ৯৩১, ৯৩২নং দাগে ৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছি। অভিযুক্তরা এই জমি জোর করে দখল করার অপচেষ্টা করে আসছে। সেদিন আমি বাড়িতে ছিলাম না। এই সুযোগে গত সোমবার সকাল ১০টার দিকে জোর করে বাঁশের বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করেছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।
ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা বলেন, ‘আমি ঢাকায় আছি। আগামীকাল জামালপুর গিয়ে একটা ব্যবস্থা করব।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় এ অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম মিঞা বলেন, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে দ্রুত সময়ে মধ্যে একটা ব্যবস্থা নেওয়া হবে।