কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৮ পিএম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। প্রবা ফটো
আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আইনের শাসনের প্রতি বিএনপির
আস্থা নেই বলেই যেকোনো অপরাধের বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি।
তিনি
বলেন, আইনের শাসনের প্রতি বিএনপির আস্থা ও বিশ্বাস নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর
রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান নিজেই হত্যাকাণ্ডের
শিকার হয়েছেন। জিয়াউর রহমান হত্যার বিচার বিএনপি করেনি। সে কারণে যেকোনো অন্যায়-অপরাধের
বিচার হলেই বিএনপি মনে করে এটি সঠিক হয়নি।
শনিবার
(১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।
তিনি
বলেন, স্বাধীনতা বিরোধীদের বিচার হলে বিএনপির আতে ঘা লাগে। ২০১৩ সালের ৫ মে সরকারের
বিরুদ্ধে আন্দোলন করার জন্য হেফাজত ও বিএনপি কর্মীরা ঢাকার শাপলা চত্বরে তাণ্ডব চালিয়েছিল।
আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ১০ মিনিটের মধ্যে
হেফাজত কর্মীরা পালিয়ে যায়।
হানিফ
আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৬১ জনের
নিহতের তালিকা দিয়েছিলেন মানবাধিকার কর্মী আদিলুর রহমান। সেটা বিদেশি ও বাংলাদেশের কিছু
মিডিয়াতে প্রকাশ করা হয়। পরে দেখা যায় ৬১ জন হেফাজত কর্মীই বেঁচে আছেন।
দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, মহামারি করোনা ও রাশিয়া যুদ্ধের কারণে বিগত তিন বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এ যুদ্ধের
কারণে শুধু বাংলাদেশে নয় বিশ্বের অনেক জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে
অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। অচিরেই দ্রব্যমূল্য সাধারণ
জনগণের নিয়ন্ত্রণে চলে আসবে।