বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২ ১৮:০৬ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২২ ২১:১৬ পিএম
বগুড়া থেকে সৈয়দপুর পায়ে হেঁটে ১৫০ কিমি পরিভ্রমণে দুই রোভার। ছবি : প্রবা
বগুড়া থেকে সৈয়দপুর পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে বের হয়েছেন দুই রোভার স্কাউট সদস্য। শহরের জিরো পয়েন্ট সাতমাথা থেকে রবিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় পাঁচ দিনের জন্য সৈয়দপুরের উদ্দেশে তারা এ যাত্রা শুরু করেন।
‘এডিস মশা নিধন করি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’-এমন স্লোগানে রোভার স্কাউটসের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে তারা এই পরিভ্রমণ করছেন।
পরিভ্রমণে বের হওয়া দুই শিক্ষার্থী হলেন-বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম ও নাটোর দীঘাপতিয়া এম কে কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী মনোয়ার হোসেন।
আগামী ২০ অক্টোবর তাদের এই কর্মসূচি শেষ হবে। এ পাঁচ দিনে তারা চার জায়গায় যাত্রাবিরতি করবেন। প্রথম দিনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে, দ্বিতীয় দিনে পলাশবাড়ী, তৃতীয় দিনে মিঠাপুকুর, চতুর্থ দিনে পাগলাপীরে ও সর্বশেষ সৈয়দপুর গিয়ে তাদের পরিভ্রমণ শেষ হবে।
পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করবেন ও বিশেষ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সাক্ষাৎকালে তারা এডিস মশা নিধন এবং ডেঙ্গুমুক্ত দেশ গড়তে সবাইকে সচেতনতার বার্তা পৌঁছে দেবেন।
পরিভ্রমণে বের হওয়া রবিউল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রোভার স্কাউটে সর্বোচ্চ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পরিভ্রমণের অভিজ্ঞতা থাকতে হয়। এ পাঁচ দিনে আমরা পায়ে হেঁটে সৈয়দপুর পৌঁছাব। প্রথম দিনে ৩৫ কিলোমিটার, এরপরের দিনগুলোতে ৩০ কিলোমিটার ও শেষ দিনে ২৭ কিলোমিটার হাঁটার পরিকল্পনা করা হয়েছে। এ সময় মানুষের মধ্যে এডিস মশা নিধন ও ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার কাজ করব। পরিভ্রমণে কর্তৃপক্ষ আমাদের সকল ব্যবস্থা করেছেন।’
সরকারি আজিজুল হক কলেজের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সহকারী অধ্যাপক আতিকুল আলম জানান, রবিবার সকাল সাড়ে ৭টা থেকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে বগুড়া ও নাটোরের দুই সদস্য পাঁচ দিনের পরিভ্রমণ শুরু করেছে। তারা এই পাঁচ দিনে পায়ে হেঁটে বগুড়া থেকে সৈয়দপুর পৌঁছাবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতা প্রদান করছে।
প্রবা/রাই/টিই