× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু বয়স থেকেই বই পড়ার আহ্বান জাফর ইকবালের

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৪ পিএম

জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দুই দিনব্যাপী প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দুই দিনব্যাপী প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

শিশু বয়স থেকেই বই পড়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, জীবনে বড় কিছু করতে চাইলে টেকনোলজিকে ব্যবহার কর। টেকনোলজি যাতে তোমাকে ব্যবহার করতে না পারে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দুই দিনব্যাপী প্রথম জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈশব থেকেই বই পড়ার অভ্যাস গড়ার লক্ষ্যে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জয়পুরাট জেলা শাখা এ উৎসবের আয়োজন করেছে।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস ব্রেন। আর এই ব্রেনকে ব্যবহার করার আহ্বান জানিয়ে জাফর ইকবাল বলেন, আমি সব সময় বলি বই পড়। তোমরা বইটা খোল, কী দেখা যায় সেখানে। সাদা কাগজের ওপর লেখা। তুমি যদি লেখাপড়া জান, তাহলে ওই লেখার মানে আছে, আর যদি না জান, তাহলে লেখার মানে নেই। সেটি দেখ, তোমার চোখে ফোকাস করে ব্রেনে যায় এবং ছড়িয়ে পড়ে। এতে তোমরা কল্পনা করতে পারবে। তার মানে যে লেখক লিখল ও যে পড়ল এর মাঝখানে ব্রেনটা কাজ করল। এজন্য তুমি যতই বই পড়বে ব্রেন তত পরিবর্তন হচ্ছে এবং ওই বইয়ের ভাষা তোমার মাথায় জমা হয়ে যাবে। এতে তোমার ব্রেনটা আগের থেকে ভালো হয়ে গেছে।

তিনি বলেন, পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই) তো তোমরা চেন। এটি মানুষের ব্রেন যেভাবে কাজ করে, সেটাকে কপি করে একটি সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা। আর এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, সে দুনিয়ার সবকিছু জানে। এটি দিন দিন এই দুনিয়াকে দখল করছে। সে সুন্দরভাবে কাজ করতে পারে। আগে মানুষ যেসব করত এখন এই সফটওয়্যার দিয়ে ওইসব কাজ করানো হয়। তবু মনে রাখতে হবে এটি যন্ত্র, মানুষ না। কাজেই তোমাদের মানুষ হতে হবে। যে যত মানুষ হবে, সে সামনের দুনিয়াতে তত বেশি টিকে থাকবে। আর মানুষ হওয়ার সবচেয়ে বড় বুদ্ধি বই পড়া।

দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি আমিনুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা