নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫১ পিএম
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগ নেতা এ এম আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আব্দুল্লাহসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার ( ১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ একটি মাইক্রোবাস, তিন শতাধিক মোটরসাইকেলসহ নেতাকর্মীদের নিয়ে লোহাগড়া থেকে নড়াইলে আসেন। সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদ এলাকায় গাড়িবহরটি পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় কমপক্ষে ১০ ব্যক্তি আহত হন।
হামলার বিষয়ে এ এম আব্দুল্লাহ বলেন, ‘আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ ১০-১২ জন আহত হয়। আমাকে বহনকারী মাইক্রোবাস ও ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল বলেন, ‘শাহাবাদ ইউনিয়ন বিএনপি-জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। তারাই আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালিয়ে থাকতে পারে। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করছি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘হামলার অভিযোগ আমরা মৌখিকভাবে পেয়েছি। লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’