জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৫ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় সামনে অনশন করে পরিবারের স্বজনরা। প্রবা ফটো
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পুনরায় রিমান্ড, পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে অনশন করেছেন তার স্বজনরা। বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
নাদিমের স্ত্রী মনিরা বেগম, তার ছোট ছেলে আব্দুল্লাহ আল রাফি পাপ্পু, নাদিমের বাবা মো. আব্দুল করিম ও মা আলিয়া বেগম ছাড়াও অনশনে বসেন তার স্বজনরা। পরে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে অন্য সাংবাদিকরা।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল সাংবাদিক নাদিমের বৃদ্ধ মাসহ অন্যদের পানি পান করিয়ে অনশন ভাঙান। এ সময় তিনি শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং তাদের দাবি পূরণের আশ্বাস দেন।
মামলার বাদী মনিরা বেগম অভিযোগ করে বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কেউ প্রকাশ্যে ঘুরছে। আবার কেউ জামিনে বের হয়ে পরিবারকে হুমকি দিচ্ছে।
১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী সাধুরপাড়া ইউপির বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে ও অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব, পুলিশ ও ডিবি। তাদের মধ্যে বাবুসহ পাঁচজন এজাহারনামীয় আসামি। বাকি ১২ জনকে সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করা হয়। ১৭ আসামির মধ্যে ১২ জন জামিনে রয়েছেন।