আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৭ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৯ পিএম
জামাল হত্যা মামলার গ্রেপ্তার আসামি মোহাম্মদ বাদল রিয়াজ। প্রবা ফটো
দুবাই থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশের সময় কুমিল্লার যুবলীগ নেতা জামাল হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ত্রিপুরার আগরতলা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মোহাম্মদ বাদল রিয়াজ। তিনি কুমিল্লা তিতাস উপজেলার আলোচিত যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার মামলার ৫ নম্বর আসামি।
বাদল রিয়াজ তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোঃ হাসান আহমেদ ভূইয়া গ্রেপ্তারের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আটক ব্যক্তি একটি হত্যা মামলার আসামি এসব তথ্য দিয়ে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তার পাসপোর্টটি কালো তালিকাভুক্ত করা হয়। বিকালে আগরতলা হয়ে আখাউড়া ইমিগ্রেশনে এলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
উল্লেখ্য, পূর্বশত্রুতা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যু্বলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বোরকা পরে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত কাছ থেকে তাকে গুলি করে। জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তবে গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।