× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশি বাজিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে না

রংপুর অফিস

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৬ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রংপুর নগরীতে চালু হলো যানবাহন নিয়ন্ত্রণে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। ল্যাম্পপোস্ট ও মেশিনপত্র স্থাপনের প্রায় দেড় বছর পর নগরীর তিনটি জনগুরুত্বপূর্ণ মোড়ে এ আধুনিক ব্যবস্থা চালু করা হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর লালকুঠি মোড়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান ফলক উন্মোচন ও রিমোর্ট চেপে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন। স্মার্ট নগরী গড়ার অংশ হিসেবে এ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। তবে সংশ্লিষ্টরা বলছেন, যানজট কমাতে এবং আধুনিক এ ব্যবস্থার কার্যকর প্রয়োগের জন্য সচেতন হতে হবে নগরবাসীকে।

রসিক সূত্রে জানা গেছে, নগরীর যানজট নিরসনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে ২০২১ সালের ৮ মার্চ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সিটি করপোরেশন কর্তৃপক্ষ আলোচনা সভা করে। এরপর নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, লালকুঠি মোড় ও বাংলাদেশ ব্যাংক মোড়ে পরীক্ষামূলকভাবে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়। 

২০২২ সালের শুরুতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল পোস্ট স্থাপন করা হয় চার স্থানে। পায়রা চত্বরের পোস্টটি তুলে নেওয়া হয় এবং অন্য তিনটি স্থানে ডিজিটাল সিগন্যাল পরিচালনার জন্য মেশিনপত্র বসানো হয়। এতে রসিকের ব্যয় হয় প্রায় সাড়ে ৩৫ লাখ টাকা। মেশিনপত্র বসানোর পর ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনায় নানা ত্রুটি ধরা পড়ে। ফলে দেড় বছরেও এ কার্যক্রম চালু করতে পারেনি নগর কর্তৃপক্ষ। পরে গতকাল চালু করা হয়।

ডিজিটাল ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ কার্যক্রম উদ্বোধন হওয়ায় নগরীতে যানজট কমাতে পুলিশের লাঠি দিয়ে ইশারা কিংবা বাঁশি বাজিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে কিংবা রিমোর্টের মাধ্যমে লাল, হলুদ, সবুজ বাতি জ্বালিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে রসিক ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশদের প্রশিক্ষণ, নগরবাসীর সচেতনতার জন্য মাইকিং, লিফলেট, সভা-সমাবেশ করা হবে। এ ছাড়া আগামীতে রংপুর মেডিকেল মোড়, শাপলা চত্বর, সাতমাথা, মডার্ন মোড়সহ নগরীর জনগুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল কার্যক্রম চালু করার উদ্যোগ রয়েছে।

পথচারী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ডিজিটাল কার্যক্রম চালু হওয়ায় আনন্দিত। তবে এটির সঠিক বাস্তবায়নের জন্য নগরবাসীর মাঝে ব্যাপক প্রচারণা চালাতে হবে। জনসচেতনতামূলক প্রচারণা না চালিয়ে সিগন্যালের আইন ভঙ্গ হলে জরিমানা কিংবা শাস্তি প্রদান করা উচিত হবে না।’

নগরীর কেরানীপাড়ার বাসিন্দা মশিউর রহমান বলেন, ‘একটি রাস্তার ওপরে সকল যানবাহনের চাপ থাকায় নগরীতে যানজট লেগেই থাকে। ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে স্বাগত জানাই। তবে বিকল্প সড়কের ব্যবস্থা করা না হলে যানজটের সমস্যা সমাধান হবে না।’ 

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘ডিজিটাল ট্রাফিক সিগন্যাল চালু স্মার্ট সিটি করপোরেশন বিনির্মাণের একটি অংশ। এর মাধ্যমে সনাতনি পদ্ধতি ছেড়ে পুলিশ সদস্যরা ডিজিটালভাবে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করতে পারবে। এটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নগরবাসীকেও সচেতন হতে হবে।’

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘রংপুরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরীতে পরিণত করার চেষ্টা অব্যাহত রয়েছে। আগামীতে নগরীর আরও বিভিন্ন পয়েন্টে এ ধরনের ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা হবে।’ 

রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জুসহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিটি করপোরেশনের কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা