বগুড়া অফিস:
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৯ পিএম
ছাত্রলীগ নেতা সজল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতা সজল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম।
সজল ঘোষ শহরের রহমাননগর এলাকার মৃত সুমেন ঘোষের ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
এর আগে, সোমবার সন্ধ্যায় আইএইচটির অধ্যক্ষ আমায়াত-উল-হাসিনকে বাগেরহাট ম্যাটসের সিনিয়র লেকচারার হিসেবে বদলি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুরের ছোনকা বাজার এলাকা থেকে সজল ঘোষকে গ্রেপ্তার করা হয়৷ তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগ আছে, ছাত্র না হয়েও বগুড়া আইএইচটির ছাত্রাবাসের ২১৮ নম্বর কক্ষ দখল করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে সজল পুরো ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ করে রেখেছিল৷ সেখানে থেকে শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্য, মাদক সেবন এবং পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা জোর করে নেন সজল।
গত ২৯ আগস্ট বিকাল থেকে সজল ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া মুশফিকুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, সজল ঘোষ গ্রেপ্তার এবং অধ্যক্ষের অপসারণে আমরা খুশি। আমরা শুধু এখন আমাদের নিরাপত্তা চাই। আশা করছি, এতে প্রশাসন জোরালো ভূমিকা রাখবে।