চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ২১:০১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ২১:৩৫ পিএম
চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। ছবি : প্রবা
দেশের একমাত্র তেল পরিশোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৫ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডের পর দুপুর পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চার কর্মী আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের পরপরই নৌ ও বিমানবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাষ্ট্রীয় অতীব গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর কার্যক্রম চলেছে তড়িৎ গতিতে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইস্টার্ন রিফাইনারির জেনারেল ম্যানেজার (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমেদকে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আগুনের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করেনি। এর আগে ২০১৩ সালের দিকে রাষ্ট্রীয় কেপিআইয়ে (কি পয়েন্ট ইনস্টলেশন) নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল জামায়াত-শিবির। ওই সময় শিবির নেতা গ্রেপ্তারের পর পুলিশ বিষয়টি নিশ্চিত হয়েছিল। এরপর থেকেই ওই এলাকায় থাকা পদ্মা, মেঘনা, যমুনা ও ইস্টার্ন রিফাইনারিসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা চালু করা হয়।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রিফাইনারির পাইপলাইনে ফুয়েলিং থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এ ছাড়া ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে সেগুলো কাজ শুরুর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি আব্দুল করিম বলেন, আগুনের ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ। আহতরা হলেন, ইস্টার্ন রিফাইনারির নিরাপত্তাকর্মী মো. আকতার, প্রতিষ্ঠানের স্টাফ মামুন, অডিটর আবদুর রহমান ও সাইফুল।
ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) একেএম নাঈমুল্লাহ বলেন, ‘রিফাইনারির যেখান থেকে প্রোডাক্ট ডেলিভারি হয়, এর পাশে আমাদের একটা অয়েলি ওয়াটার বিট ছিল। ওই বিটেই আগুন লাগে। আমাদের নিজস্ব যে ফায়ার ফাইটিং ইউনিট আছে তাদের সঙ্গে সরকারি ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমানবাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আর কোনো সমস্যা নাই।’
তদন্ত কমিটির প্রধান ইস্টার্ন রিফাইনারির জেনারেল ম্যানেজার (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) রায়হান আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা তদন্ত করছি। চেষ্টা করছি আজকের মধ্যেই রিপোর্ট পেশ করতে। তদন্ত রিপোর্ট দেওয়ার আগে এ বিষয়ে কথা বলতে চাই না।’
প্রবা/আরএম/এমআই