ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২০ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৫ পিএম
আবেদা খাতুন হেনা। প্রবা ফটো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ভাষাসৈনিক ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অ্যাডভোকেট দবিরুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন হেনা (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরহুমার জানাজা শেষে বালিয়াডাঙ্গী ১নং পাড়িয়া ইউনিয়নের বামুনিয়ায় পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
১৯৪৯ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রথম কাউন্সিলে দবিরুল ইসলাম সংগঠনের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধুর সহপাঠী ও বিশ্বস্ত সহচর দবিরুল ইসলামের মৃত্যুর পর এক মেয়ে ও তিন ছেলেকে বড় করেন আবেদা খাতুন হেনা। তার বড় ছেলে আহসান হাবিব বুলবুল ১নং পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
ভাষাসৈনিক দবিরুল ইসলামের ছেলে আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ ফিলিপ বলেন, ‘বার্ধ্যকের কারণে আমার মা অসুস্থ ছিলেন। তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল সকাল সাড়ে ৯টায় আমার মা মারা যান।’