মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২২ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবা ফটো
কিশোরগঞ্জের পৌরসভায় গলায় পেয়ারা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোড়লপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই শিশুর নাম- মালেহা মুসকান জায়রা। সে মিঠামইন উপজেলার মুরাদ ভূঁইয়ার মেয়ে। তারা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোড়লপাড়া এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসক আবিদুর রহমান জিমি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় পেয়ারা আটকে যাওয়া এক শিশুকে হাসাপাতালে নিয়ে এসেছিল। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেওয়ার পথে সে মারা যায়।
শিশুটির মামা আফসান জানান, শুক্রবার সন্ধ্যায় নানার বাসায় আসার পথে পেয়ারা খায় জায়রা। এর মধ্যে হঠাৎ জায়রার গলায় পেয়ার টুকরো আটকে যায়। পরিবারের সদস্যরা পেয়ার টুকরো গলা থেকে বের করার চেষ্টা করে। বের করতে না পেরে জায়রাকে নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে শহরের একটি ক্লিনিক নেওয়া হয়। সেখানেও বের করতে না পেরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে জায়রার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় শিশু জায়রার গলায় পেয়ারা আটকে যায়। পরে ময়মনসিংহ নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।