চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২ ১৮:৫৮ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২২ ১৯:০০ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরা নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক নম্বর দক্ষিণ পাহাড়তলী এলাকার মৃত জদু নাথের ৫৫ বছর বয়সী ছেলে প্রদীপ এবং ভোলা জেলার দক্ষিণ আইশ এলাকার আবদুল গোলামের ছেলে মোতালেব প্রকাশ মোতালেব মাঝি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১১ অক্টোবর রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দুই নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে ১৩ অক্টোবর ৫ জনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
তারা হলেন- এফবি মাগফেরাত জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ডক কর্মচারী রহমত আলী, ফিশিং মাস্টার জহিরুল ইসলাম।
নিখোঁজ সকলের লাশ উদ্ধার হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক।
প্রবা/আরএম/