টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:২২ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৫ এএম
ব্রিজ ভেঙে একটি ট্রাক খালে পড়ে আছে। প্রবা ফটো
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলের বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। শুক্রবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দেলদুয়ার উপজেলার।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, টাঙ্গাইল শহর থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এতে ট্রাকের চালকসহ চারজন আহত হয়েছেন। উত্তর পাশে ব্রিজের অংশ সড়ক থেকে পুব দিকে সরে গেছে। দক্ষিণ অংশের রেলিং ভেঙে গেছে।
খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সহেড়াতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। দুই পাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তার পরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলাচল করে।
দেলদুয়ার থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, ‘আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।’