× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্ণাঙ্গ জেলা কমিটি না দিয়ে ইউনিট কমিটিতে ব্যস্ত, অসন্তোষ পদপ্রত্যাশীদের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৫ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:০৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে গত বছরের ১৬ নভেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী সেসময় ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের প্রায় দশ মাস অতিবাহিত হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি সংগঠনটি। বরঞ্চ এই অপূর্ণাঙ্গ কমিটি এখন উপজেলা ও পৌরসভার দশটি ইউনিট কমিটি গঠন করতে ব্যস্ত সময় পার করছে। ইতোমধ্যে এসব ইউনিট কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৭৬ জন নেতাকর্মী জীবনবৃত্তান্তও জমা নিয়েছেন। এ অবস্থায় পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া শেষ না করেই ইউনিট কমিটি গঠনে তোড়জোড়ে অসন্তোষ ও হতাশা ব্যক্ত করেছেন সংগঠনটির অনেক নেতা।

জানা যায়, গত ১০ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বোয়ালখালী, কর্ণফুলী, পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা এবং পটিয়া পৌরসভা ও উত্তর সাতকানিয়ার সাংগঠনিক ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। দক্ষিণ জেলা যুবলীগেরর সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ২৫ আগস্টের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এর প্রেক্ষিতে ১৭৬ জন পদপ্রত্যাশী বায়োডাটা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, কর্ণফুলী, বাঁশখালীসহ দশটি ইউনিটের উপজেলা ও পৌরসভা কমিটি দীর্ঘদিনের পুরনো। তাই সেখানে নতুন কমিটি গঠনের লক্ষে বায়োডাটা নিয়েছি। এসব বায়োডাটা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। এসব জীবনবৃত্তান্ত যাচাই বাছাই করে কেন্দ্রের পরামর্শ ও নির্দেশনায় এসব ইউনিট কমিটি ঘোষণা করা হবে।’

যুবলীগের নেতাকর্মীরা জানান, গত বছরের ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন হয়। এর প্রায় সাড়ে পাঁচ মাস পর ১৬ নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহসভাপতি দিদারুল ইসলামকে সভাপতি এবং বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে ১১ জনকে সহসভাপতি করা হয়। এতে দশজনের নাম উল্লেখ করা হয়। যুগ্ম সম্পাদক করা হয় তিনজনকে। এতে দুজনের নাম উল্লেখ করা হয়। সাংগঠনিক সম্পাদক করা হয় পাঁচজনকে। এ ছাড়াও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক, অর্থ সম্পাদক এবং তিনজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছিল।

এই কমিটি অনুমোদনের পর দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় দশ মাস পার হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় পদপ্রত্যাশী অনেক নেতার মধ্যে ক্ষোভের দানা বাঁধছে। তবে পদের আশায় তারা কেউই সরাসরি মুখ খুলতে নারাজ।

নাম প্রকাশ না করার শর্তে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী একাধিক নেতা অভিযোগ করেন, কেন্দ্র থেকে কমিটি ঘোষণার প্রায় দশ মাস হয়েছে। দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো কার্যক্রমই দেখা যাচ্ছে না। বরঞ্চ এই অপূর্ণাঙ্গ কমিটি এখন ইউনিট কমিটি গঠনের নামে পদবাণিজ্যে নেমেছে।

তারা বলছেন, আর কয়েক মাস পর জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে যুবলীগের মতো অন্যতম প্রধান সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপর থাকতে হবে। সেখানে কমিটি ঝুঁলিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। এতে অনেক পদপত্যাশী নেতার হতাশ এবং ক্ষোভের সঞ্চার হচ্ছে। পদ না পাওয়ার ভয়ে তারা সরাসরি কিছু বলতেও পারছেন না। তাই ইউনিট কমিটি গঠনের আগে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কেন্দ্রের নির্দেশনায় দশটি ইউনিটের বায়োডাটা জমা নিয়েছি। সেগুলো কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া ইতোমধ্যে দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইতোমধ্যে আমরা কেন্দ্রে তালিকা জমা দিয়েছি। আশা করছি, কেন্দ্রীয় কমিটি শিগগিরই তা অনুমোদন দেবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা