সিলেট অফিস
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২০ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৭ পিএম
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নেই বলেই জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
তিনি বিএনপির উদ্দেশে বলেন, রাস্তায় চিল্লাচিল্লি আর মিছিল-মিটিং না করে নির্বাচনে আসেন। আওয়ামী লীগ সরকার ভয় পায় না। নির্বাচনে এসে দেখুন জনগণ কাকে চায়, জনগণের বিকল্প নেই।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের জগন্নাথপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে তিনি ১১ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৮৩৭ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান আবুল হাসান লালন প্রমুখ।
এমএ মান্নান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে লুটেপুটে খেয়ে দেশকে শূন্য করে গিয়েছিল। আর বর্তমান শেখ হাসিনা সরকার সেই শূন্য দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছে। আজ দেশের গ্রামেগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে।