মাদারীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৩ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৩ পিএম
গ্রেপ্তার ডাকাত দলের ৪ সদস্য। প্রবা ফটো
মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রাজন্দ্রী দ্বারাদিয়া এলাকার একটি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়ভাটরা এলাকার শামীম চৌকিদার, উপজেলার কারিকরপাড়া এলাকার সবুজ শেখ, ননীক্ষীর এলাকার সিরাজ মোল্লা এবং রাজৈর উপজেলার নয়াকান্দি সুইচগেট এলাকার নজরুল ইসলাম শেখ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বারাদিয়া এলাকার একটি মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক, রাম দা, শাবল, লোহা কাটার যন্ত্র জব্দ করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন বাড়ি, বড় বড় দোকানের তালা কেঁটে মালামাল লুট করে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় চুরি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় রাজৈর থানায় পুলিশ বাদী হয়ে শুক্রবার সকালে একটি মামলা করেছেন। এরপর আসামিদের আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।