রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৯ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৩০ পিএম
পদ্মা সেতুর ট্রায়াল ট্রেন। প্রবা ফটো
রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে গেছে পদ্মা সেতুর অফিশিয়াল ট্রায়াল ট্রেন। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ট্রেনটি রাজবাড়ী থেকে ছেড়ে যায়।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটিতে রয়েছে আটটি কোচ।
জানা গেছে, পদ্মা সেতু পারাপারের জন্য ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে পদ্মা সেতুর ওপর দিয়ে এ পথে ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার নতুন এ রেলপথ দিয়ে প্রথম ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে আসবে প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেন। ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথের উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৭২ কিলোমিটার।
রাজবাড়ী স্টেশনের এক যাত্রী আমিনুর রহমান বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমরা এ পথেই বেশি যাতায়াত করছি। এখন থেকে এ রুটে ট্রেন চালু হলে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও আরামদায়ক হবে। আমরা অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে বাড়ি যেতে পারব। এ ট্রেন চালু হলে আমাদের সময় ও অর্থ উভয়ই বাঁচবে।’
রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘মঙ্গলবার রাতে ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। ট্রেনটি আটটি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বৃহস্পতিবার রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবেন।’