চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২০ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৯ পিএম
সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন। প্রবা ফটো
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা
জেলার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে
হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। আলাউদ্দিন
সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা।
রবিবার
(৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬ সিপিসি-২-এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার ইসতিয়াক আহমেদ
সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গার
দর্শনা পৌর শহরের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ক্যাম্প
কমান্ডার ইসতিয়াক আহমেদ জানান, আসামি আলাউদ্দিন প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার তিনটি
পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্প তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলাউদ্দিনের অবস্থান
নিশ্চিত করে।
শনিবার রাত ২টার দিকে র্যাব-৬-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে—প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারী সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিন দর্শনা থানায় আত্মগোপনে রয়েছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করে।
তিনি
আরও জানান, আলাউদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনার
সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর
করা হয়েছে।
২০০২
সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়
পৌঁছলে আগ্নেয়াস্ত্র, হাতবোমা দিয়ে তার গাড়িবহরে হামলা চালায় আসামিরা। এই হামলার
ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং অন্যান্য আইনে পৃথক
তিনটি মামলা করা হয়।
মামলার বিচারকার্য শেষে
চলতি বছর ১৮ এপ্রিল সাতক্ষীরার বিশেষ ট্রাইব্যুনাল-৩-এর আদালত আসামিদের দোষী সাব্যস্ত
করে বিভিন্ন মেয়াদে সাজা দেন। গ্রেপ্তার আলাউদ্দিন ওই হামলার পরিকল্পনাকারী ও বিস্ফোরক
বহনকারীদের মধ্যে অন্যতম ব্যক্তি। ওই মামলায় গ্রেপ্তার আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবনসহ
বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।