শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৫ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৭ পিএম
নিহত শিশু আদিবা। প্রবা ফটো
শেরপুরের
নালিতাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে এক শিশুকে ছুড়ে ফেলে
হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার যোগানিয়া কান্দাপাড়া
এলাকায় ঘটে এ নৃশংস ঘটনা।
এ
ঘটনায় অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত
করেছেন নালিতাবাড়ী থানার পরিদর্শক আব্দুল লতিফ মিয়া।
পাঁচ
মাস বয়সি নিহত ওই শিশুর নাম আদিবা। গ্রেপ্তার হওয়া ওই দুই নারী হলেন স্থানীয় হামিদুলের
স্ত্রী লাভলী বেগম ও তার মা হনুফা বেগম।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ময়ছর উদ্দিনের সঙ্গে প্রতিবেশী লিটন ও হামিদুলের
জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে গ্রাম্য সালিশে ওই বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ
করে দেওয়া হয়। ঘটনার দিন বিকাল পৌনে পাঁচটার দিকে ময়ছর ও তার স্ত্রী ফাতেমা নিজেদের
সীমানায় কলার চারা রোপণ করতে যান।
এ
সময় হামিদুলের স্ত্রী লাভলী বেগম ও তার মা হনুফা বেগম চারা রোপণ করতে বাধা দেন। এ নিয়ে
বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়ায়। সে সময় ফাতেমার কোলে থাকা শিশু আদিবাকে
কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে মারেন লাভলী। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পায়।
এ
অবস্থায় শিশুটিকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার
অবনতি হওয়ায় চিকিৎসক শেরপুর পাঠালে সেখান থেকে নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে আদিবা
মারা যায়।
এ
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লাভলী ও হনুফাকে
আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ পরিদর্শক আব্দুল
লতিফ মিয়া জানান, এ ঘটনায় শিশুটির বাবা পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় ওই
নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।