× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দফা মেয়াদ বাড়িয়েও ৭ বছরে হয়নি মাটি ভরাট

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১৩ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৯ পিএম

তিন দফা মেয়াদ বাড়িয়েও ৭ বছরে হয়নি মাটি ভরাট

১৮৪টি শিল্প প্লট তৈরি করতে ২০১৬ সালে চট্টগ্রামের রাউজান উপজেলায় শিল্পনগরী তৈরির উদ্যোগ নেয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এরপর সাত বছর পার হলেও এখনও প্রকল্পটির কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। এর মধ্যে তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এখনও শেষ হয়নি ভূমি উন্নয়নের জন্য মাটি ভরাটের কাজ। বিসিক কর্মকর্তারা বলছেন, প্রকল্প এলাকার কিছু কিছু অংশে ২৫ থেকে ৩০ ফুট পর্যন্ত গর্ত ছিল। পাশাপাশি মাটি পাওয়া সহজলভ্য না হওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা যায়নি। 

এ সম্পর্কে জানতে চাইলে বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘করোনার সময় এক বছর অর্থ বরাদ্দ বন্ধ ছিল। ওই সময় কাজ একটু ঝিমিয়ে পড়ে। অন্যদিকে ভূমি উন্নয়নের জন্য মাটি পাওয়াও সহজলভ্য ছিল না। তবে এখন পুরোদমে কাজ চলছে। আমরা আশা করছি, ২০২৪ সালের জুনের মধ্যে রাউজান শিল্পনগরী প্রকল্পের শতভাগ কাজ শেষ করতে পারব।’ 

কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ড্রেন নির্মাণ ছাড়া অন্যান্য কাজ প্রায় শেষের দিকে। মাটি ভরাটের কাজ আর মাত্র ৪ শতাংশ বাকি আছে। বাউন্ডারি ওয়ালের কাজ বাকি আছে ৮ শতাংশ। ড্রেন নির্মাণকাজ বাকি আছে ৬৯ শতাংশ।’

বিসিক চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, শিল্প প্লটের জন্য উদ্যোক্তাদের বর্ধিত চাহিদা পূরণের লক্ষ্যে ‘বিসিক শিল্পনগরী রাউজান’ প্রকল্পটি হাতে নেয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর প্রকল্পটি একনেক সভায় পাস হয়। ওই সময় প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৯৩ কোটি ৬৬ লাখ টাকা। একনেক সভায় অনুমোদনের পর প্রকল্পটির অধীনে ৩৫ একর জায়গায় ১৪৮টি শিল্প ইউনিটের আওতায় ১৮৪টি শিল্প প্লট তৈরির লক্ষ্যে ২০১৮ সালে শুরু করে ভূমি উন্নয়নের জন্য মাটি ভরাটের কাজ। 

শুরুতে প্রকল্পটির মেয়াদ ধরা হয় ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত। এরপর প্রথম দফায় দুই বছর মেয়াদ বাড়িয়ে সেটি করা হয় ২০২১ সালের জুন পর্যন্ত। ওই সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় আরও দুই দফায় এক বছর করে দুই বছর প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। মোট তিন দফায় মেয়াদ বাড়িয়ে প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয় ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় এখন আবারও এক বছর মেয়াদ বাড়ানোর জন্য প্রস্তাব পাঠিয়েছে বিসিক। ২০২৪ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুপারিশ করে গত জুলাই মাসে প্রস্তাবটি পাঠানো হয়েছে। 

এদিকে তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও প্রকল্প ব্যয় একবারও বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন। তিনি বলেন, ‘মেয়াদ বাড়ানো হলেও প্রকল্প ব্যয় বাড়ানো হয়নি। শুরুতে যে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল, ওই টাকার মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। আমরা টেন্ডার দিয়ে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দিয়েছি, এখন তারা যদি কাজ ঠিক সময়ে বুঝিয়ে দিতে না পারে সেই দায়ভার তাদের। খরচ বাড়লে সেটিও তাদেরকেই বহন করতে হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা