× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাসমান পদ্মে মুগ্ধ পর্যটক

মাজেদুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৩ এএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৯ পিএম

ভাসমান পদ্মে মুগ্ধ পর্যটক

ভারতের ত্রিপুরা রাজ্য-ঘেঁষা কসবা উপজেলার সিনাই নদীতীরের গোসাইস্থল পদ্মবিল। ভাসমান পদ্মের রূপশোভা দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভ্রমণ ও সৌন্দর্যপিপাসুরা ছুটে আসছেন। চোখজুড়ানো এই সৌন্দর্য সবাইকেই বিমোহিত করছে। কসবার গোসাইস্থল পদ্মবিল ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানায় পরিণত হয়েছে।

উপজেলা শহর থেকে বাড়াই গোপীনাথপুর চণ্ডীদোয়ার হয়ে যেতে হবে গোসাইস্থল পদ্মবিল। পদ্মবিলে ঘুরে বেড়ানোর জন্য ছোট, মাঝারি নৌকা ভাড়া পাওয়া যায়। প্রতি ঘণ্টা ভাড়া ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে। নৌকায় উঠলে মাঝিরাই পুরো পদ্মবিল ঘুরিয়ে দেখাবেন।

সরেজমিনে দেখা যায়, বিস্তৃত জলরাশির বুকে ফুটে আছে চোখজুড়ানো পদ্ম ফুল। যত দূর চোখ যায় সবুজের সঙ্গে মিশে হাতছানি দিচ্ছে জলরাশির পদ্ম আর পদ্ম। এখানকার মনভোলানো দৃশ্য দেখে মুগ্ধ হবেন যে কেউ। তবে বিলে যাওয়ার উপযুক্ত সময় হিসেবে সকালে না হয় বিকাল বেছে নিতে হবে।

হোগলাবন, কচুরিপানার মধ্য দিয়ে ছোট ডিঙিনৌকায় ঘণ্টার পর ঘণ্টা ঘুরে বেড়াতে আর পছন্দের ছবি তুলতে পারেন। মেতে উঠতে পারেন সেলফি উৎসবে। পদ্মপাতার জলে বিলিয়ে দিতে পারেন নিজেকে। সঙ্গে সামান্য রোদ আর মেঘ-বৃষ্টির খেলা হলে তো কথাই নেই। বিলে ফুটে থাকা অজস্র পদ্ম ছবির মতো সাজানো। বিলটির আয়তন প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর হলেও ৪০-৫০ হেক্টরে ফোটে পদ্ম ফুল। বাকি অংশে রয়েছে হোগলাবন, কচুরিপানা ও শেওলা। 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী ফারুক আহমেদ বলেন, ‘বন্ধু এবং ছোট ভাইবোনদের নিয়ে পদ্মবিলে ঘুরতে এসেছি। নগরজীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে প্রকৃতির মাঝে বেড়াতে আসা। বিলের অপরূপ সৌন্দর্য দেখে খুব ভালো লাগছে। যে কেউ এখানে পরিবার, আত্মীয়স্বজন নিয়ে ঘুরতে আসতে পারেন।’

মনির আহমেদ এসেছেন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে। তিনি বলেন, ‘ব্যবসায়িক কারণে ঢাকায় থাকি। গোসাইস্থল বিলে পদ্ম ফুল ফুটেছে, তাই বন্ধুদের সঙ্গে এসেছি। খুব ভালো লাগল এই সৌন্দর্য দেখে।’

স্থানীয় লোকজন ও মাঝিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরে তিন মাস বিলে পানি থাকে, তখন পদ্ম ফোটে। এই সময়টাতে অনেকে ঘুরতে আসে। তখন তাদের উপার্জনও ভালো হয়। বছরের বাকি সময় অন্যান্য কাজ করেন তারা।

সৌন্দর্য দেখে আরও বেশ কয়েকজন ভ্রমণপ্রেমী মুগ্ধতা প্রকাশ করেন। তাদের মন্তব্য, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই এলাকা রক্ষণাবেক্ষণে সরকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে পর্যটনের সম্ভাবনা দেখা দেবে।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘গোসাইস্থল পদ্মবিল এলাকা পর্যটকবান্ধব করতে রাস্তার উন্নয়নে আবেদন করেছি। সন্ধ্যার পর যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য গ্রাম-পুলিশ দিয়ে নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।’ গোসাইস্থল বিলকে সরকারিভাবে পর্যটন এলাকা ঘোষণার দাবিও জানান তিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিমুল এহসান খান বলেন, গোসাইস্থল বিলের নয়নাভিরাম সৌন্দর্য দিন দিন মানুষকে আকৃষ্ট করছে। আগত পর্যটকদের সুযোগ-সুবিধাসহ পর্যটনকেন্দ্র ঘোষণার বিষয়ে এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা