সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩ ১৫:১১ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১৮:৩৮ পিএম
প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের সাভারের একটি আঞ্চলিক সড়কে ধসের পর গর্তের সংস্কার কাজ চলছে। প্রবা ফটো
বৃষ্টিতে সাভারের একটি আঞ্চলিক সড়কে ধসের পর বন্ধ আছে সব ধরনের যান চলাচল।
সেই সঙ্গে ভোগান্তিতে পড়েছে লক্ষাধিক মানুষ। এ নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় একটি
সংবাদ প্রকাশের পর উপজেলা প্রকৌশলী কার্যালয় ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়কটি সংস্কারে
কাজ শুরু হয়েছে। এ জন্য প্রতিদিনের বাংলাদেশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, স্থানীয় ইউপি সদস্য
তারেক আহম্মেদের তত্ত্বাবধানে একদল কর্মী সকাল থেকে সড়কটি সংস্কারের কাজ করছে। পাশে
রাখা হয়েছে ইট ও বালুর ট্রাক। গর্তের আশেপাশে ১২ ফুট মাটি তুলে ফেলে বালু মিশ্রিত মাটি
ভরাট করা হবে। পরে দেওয়া হবে ডাবল লেয়ারের ইটের সলিং। তবে এলাকাবাসী এর স্থায়ী সমাধান
চায়।
এর আগে বুধবার (৩০ আগস্ট) ‘সড়কে বিশাল গর্ত,
ভুগছে ছয় গ্রামের লক্ষাধিক মানুষ’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায়
ছবিসহ সংবাদটি প্রচার হয়।
স্থানীয় ইউপি সদস্য তারেক আহম্মেদ বলেন, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে জানানোর
পর তারা এসে পরিদর্শন করেছেন। তাদের নির্দেশনায় কাজ চলমান রয়েছে। দুদিনের ভিতরে সাময়িকভাবে
চলাচলের উপযোগী করা হবে।
সাভার উপজেলা প্রকৌশলী কার্যালয়ের প্রকৌশলী তরুন কুমার বৈদ্য প্রতিদিনের
বাংলাদেশকে জানিয়েছে, ‘ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে মেরামতের জন্য ইউনিয়ন পরিষদকে সহযোগিতার
জন্য বলা হয়েছে। বর্ষার পানি কমে গেলে স্থায়ীভাবে সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
অতিবৃষ্টিতে শিমুলিয়া এসপি হাই স্কুলের সামনে সড়কটির প্রায় ৮ ফুট গভীর
গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক বন্ধ থাকায় এতে চরম ভোগান্তিতে পড়েছে চলাচলরত বিভিন্ন পেশার
মানুষ। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতের জন্য ৪ কিলোমিটার অতিরিক্ত বিকল্প
সড়ক ব্যবহার করতে হচ্ছে। তা ছাড়া সড়কটি ব্যবহার করে ছয়টি গ্রামের লক্ষাধিক মানুষ। রয়েছে
একটি বাজার, প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক স্কুল, ব্যাংকসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান।
এ ছাড়া রয়েছে পার্শ্ববর্তী গ্রামগুলোর সংযোগ সড়ক। ফলে এ অঞ্চলের মানুষের কাছে নানা দিক থেকে শিমুলিয়া বাজারের গুরুত্ব অনেক। সড়কে গর্তের কারণে জিরানী পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।