চাঁপাইনবাবগঞ্জ ও যশোর প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২২:২৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। প্রবা ফটো
চাঁপাইনবাবগঞ্জ ও যশোরের সীমান্ত এলাকা থেকে পাচারকালে ৪ কেজি ৫৬ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে উদ্ধার করা এই সোনার মূল্য সাড়ে তিন কোটি টাকারও বেশি।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার জোহুরপুরটেক সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এর বাহক বা মালিককে আটক করা যায়নি। উদ্ধার এসব সোনার মূল্য এক কোটি টাকারও বেশি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন। তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের ২৩ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে, তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের দাম এক কোটি ১৬ লাখ টাকা।’
এ ছাড়া যশোরের বেনাপোল সীমান্তে ২ কেজি ৯৪০ গ্রাম ওজনের ৪টি সোনার বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে উপজেলার দৌলতপুর সীমান্ত এলাকা তাদের আটক করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটকরা হলেন- সাইদুর রহমান মাজেদ, সাইফুল ইসলাম ও মাসুদ চৌধুরী বাবু। তারা ঝিনাইদহ ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে ২ কেজি ৯৪০ গ্রাম ওজনের চারটি সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।’