নাটোর প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১০:০৬ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১১:২৪ এএম
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুস। ফাইল ফটো
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আবদুল কুদ্দুসের ব্যক্তিগত সহকারী ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্বাসকষ্টের কারণে আবদুল কুদ্দুসকে শনিবার ঢাকায় নেওয়া হয়। হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে নাটোরের সকল পর্যায়ের রাজনীতিবিদ, নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
জানা গেছে, আজ বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবন চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নাটোরে নেওয়া হবে মরদেহ। বিকাল ৪টায় নাটোর কানাইখালি মাঠ, বিকাল ৫টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সন্ধ্যা ৬টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং বাদ মাগরিব জন্মভূমি বিলশা ঈদগাহ মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চলনবিলের বিলশা গ্রামে জন্ম গ্রহণ করেন।
পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী কলেজের ভিপি এবং বৃহত্তর রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী আবদুল কুদ্দুস মুক্তিযুদ্ধকালে ভারতে ট্রেনিং নিয়ে মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার ও সংগঠকের ভূমিকা পালন করেন।