× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসার পিকনিকে ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের নাচের ভিডিও ভাইরাল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৩ ১৭:২৪ পিএম

ভিডিও থেকে নেওয়া ছবি।

ভিডিও থেকে নেওয়া ছবি।

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকে গিয়ে ছাত্রীদের সঙ্গে জামিরা নবাব আলী দাখিল মদ্রাসার শিক্ষকদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনা জানার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জামালপুরের জেলা (ডিসি) প্রশাসক।

খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের যমুনা সেতু ইকো পার্কে পিকনিকের আয়োজন করে ওই মাদ্রাসা কর্তৃপক্ষ। সোমবার সাতপোয়া ইউনিয়নের জামিরা এলাকার পাচকাদা বিল থেকে পার্কে যাওয়ার পথে নৌকায় গান বাজিয়ে ছাত্রীদের সঙ্গে নাচানাচি করেন চার জন শিক্ষক। নাচের দৃশ্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে চলছে সমালোচনা। ক্ষোভ জানিয়েছেন অনেক অভিভাবক।

এক শিক্ষার্থীর অভিভাবক সালাম ফকির বলেন, ‘আমার মেয়ে এ মাদ্রাসায় পড়ে। তাকে আমি পিকনিকে যেতে দেইনি। আমার মেয়েকে শিক্ষকরা বলেছেন পিকনিকে গেলেও টাকা দিতে হবে, না গেলেও টাকা দিতে হবে। আমার এক ভাইয়ের দুই মেয়েও এ মাদ্রাসার ছাত্রী। তাদের শিক্ষক জাহাঙ্গীর বলেছেন পিকনিকে না গেলে তিনি ক্লাস নেবেন না, পরীক্ষার ফরম পূরণ করবেন না।’

তবে নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে মাদ্রাসার শিক্ষক মনির দাবি করেন, ‘আমরা শিক্ষার অংশ হিসেবে বিনোদনের জন্য গান পরিবেশন করেছি। ইসলামিক গান, নাতে রাসুল, হামদও পরিবেশন করি। সঙ্গে কিছু ছেলে-মেয়েরা আনন্দ-উল্লাস ও উৎসব পালন করেছে।’

নাচানাচির বিষয়টি স্বীকার করেছেন মাদ্রাসার সুপার ইদ্রিস আলী। তিনি বলেন, ‘পিকনিকে গেলে ছাত্রছাত্রীরা উৎসব করবেই। আমোদ-ফুর্তি করতেই তো পিকনিকে যায়, তাই না? ছাত্রীদের অনুরোধে শিক্ষকরা নেচেছেন। ছাত্রীরা হাত তালি দিয়েছে। এর বেশি কিছু হয়নি । এর চেয়ে কত কিছু মানুষ করে ফেলে।’

এ প্রসঙ্গে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ জানান, তিনি অসুস্থ আছেন। এই মুহূর্তে বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন না।

এ বিষয়ে অবগত আছেন জামালপুরের ডিসি ইমরান আহমেদ। জানতে চাইলে তিনি বলেন, ‘ইউএনওর সঙ্গে কথা বলেছি। মাধ্যমিক শিক্ষা অফিসারকে চাকরি বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক বলেন, ‘আমি শুনেছি। ভিডিও দেখেছি। মাদ্রাসা শিক্ষা থেকে এটা আশা করা যায় না। মাদ্রাসা সুপারকে ডাকা হয়েছে। তিনি এলে জবাব চাওয়া হবে। তারপর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

পিকনিকে না গেলে ক্লাস না নেওয়া ও ফরম পূরণ না করা নিয়ে শিক্ষকদের হুমকি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ কথা শিক্ষক অন্যায়ভাবে বলেছেন। খোঁজখবর নিয়ে সত্যতা পেলে সেই শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা