টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২২:০৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ২২:১০ পিএম
টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ করালেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ও ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু উভয়েই নৌকার মনোনয়নপ্রত্যাশী।
উপজেলার কয়েড়ার ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী আনোয়ার হোসেন, জুলহাস উদ্দিনসহ স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, গণভোজে কমপক্ষে ৮-১০ হাজার মানুষ অংশ নেন। তা ছাড়া অনুষ্ঠানে একমঞ্চে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে দুই এমপি মনোনয়নপ্রত্যাশীকে নৌকায় ভোট চাইতেও দেখেনি।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন মৃধার সভাপতিত্বে এবং সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর মেয়র রকিবুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার, ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক প্রমুখ।