চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ২১:৫০ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ২২:২৩ পিএম
রবিবার পাহাড়ধসে আব্দুল আউয়ালের বাড়ির ওপর পড়লে সে ও তার মেয়ে মারা যান। প্রবা ফটো
চট্টগ্রামে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় রেল কর্মচারী আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আব্দুল আউয়ালের বড় ভাই মহরম আলী। ওই কর্মচারীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তর ও রাতে নিহতের ভাই পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
আব্দুল খালেকের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণের বড় হাড়গিলা এলাকায়। তিনি রেলওয়ে পুর্বাঞ্চলে খালাসি পদে কর্মরত আছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ষোলশহর আইডব্লিউ কলোনিতে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় নিহত আব্দুল আউয়ালের বড় ভাই মহরম আলী থানায় মামলা করেছেন। মামলায় আব্দুল খালেক নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশফাকুর রহমান বাদী হয়ে আব্দুল খালেকের নামে আরেকটি মামলা করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, আব্দুল খালেক ও তার সহযোগীরা নিহত আব্দুল আউয়ালের ঘরের পেছনের দিকে পাহাড় কেটে ইটের দেয়াল নির্মাণ করে। ওই দেয়ালের কোনো নিরাপত্তা ব্যবস্থা না রাখায় ইটের দেয়ালটি ধসে পড়েই আব্দুল আউয়াল ও তার ছোট মেয়ের মৃত্যু হয়।
রবিবার ভোরে পাহাড় ধসে আব্দুল আউয়ালের ঘরের ওপর পড়লে ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা আব্দুল আউয়াল ও আট মাস বয়সি শিশু জান্নাত মাটিচাপা পড়ে মারা যান। এ ঘটনায় আউয়ালের স্ত্রী শরীফা ও বড় মেয়ে বিবি কুলসুম মীমও আহত হয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের এজাহারে উল্লেখ করা হয়, রবিবার সকালে আইডব্লিউ কলোনিতে পাহাড়ধসে বাবা-মেয়ের মৃত্যুর পর পরিবেশ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখে, ৪০ থেকে ৫০ ফুট উচ্চতাবিশিষ্ট পাহাড়টি কেটে পাহাড়ের ঢালে বেশ কয়েকটি স্থাপনা তৈরি করা হয়েছে। আব্দুল খালেক এই পাহাড় কাটার সঙ্গে সরাসরি জড়িত। কলোনিতে ৫০টি ঘর নির্মাণ করে আব্দুল খালেক ভাড়া দিয়েছেন।