× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিহঙ্গ

নাম তার ছোট গোতরা

আ ন ম আমিনুর রহমান

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ০৯:১১ এএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ২২:১৫ পিএম

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ছোট গোতরা। ছবি : লেখক

শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ছোট গোতরা। ছবি : লেখক

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে সরাসরি ঢাকা চলে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত বাইক্কা বিল না হয়ে ফিরতে ইচ্ছে করল না। কিন্তু বাইক্কা বিলে গিয়ে কিছুটা হতাশই হলাম। বিল যেন একেবারেই শুকিয়ে গেছে। পাখিও বেশ কমে গেছে। তাই সারা দিন বাইক্কা বিলে থাকার ইচ্ছে ত্যাগ করলাম। ফিরে আসার আগে একবার টাওয়ারে উঠলাম। চারদিকটা স্ক্যান করলাম। স্বভাবগতভাবে কিছু বালি হাঁসের ছবি তুললাম। এবার মনের মতো করে ওদের উড়ন্ত ছবি তুলতে পারলাম। টাওয়ার থেকে নামার আগে টাওয়ারের পাশের জলাভূমিটির দিকে তাকালাম। ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রাখতেই ছোট মাথা এবং লম্বা পা ও চঞ্চুর পাখিটি নজরে এলো। আরে একেই তো দুই বছর আগে নিঝুম দ্বীপে দেখেছিলাম।

কিন্তু তখন সঙ্গে বড় লেন্স না থাকায় ভালো ছবি তুলতে পারিনি। টাওয়ারের ওপর থেকে দ্রুত কয়েকটা সাক্ষী ছবি নিয়ে নিলাম। পাখিটি বেশ ব্যস্তভাবে খাচ্ছে, দেখে মনে হয়নি যে সহসা ওখান থেকে চলে যাবে। কাজেই দ্রুত টাওয়ার থেকে নিচে নামলাম। এরপর আয়েশ করে কাছ থেকে বেশকিছু ভালো ছবি তুললাম। ২৪ ফেব্রুয়ারি ২০১৮-এর ঘটনা এটি। পরের বছর ১৫ ফেব্রুয়ারি ওর সঙ্গে আবার দেখা হলো চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের চরইল বিলে। সর্বশেষ এ বছরের জানুয়ারিতে দেখলাম কক্সবাজারের সোনাদিয়া দ্বীপপুঞ্জ থেকে ফেরার পথে তাজিয়াকাটা চরে একসঙ্গে তিনটিকে। 

লম্বা পা, ছোট মাথা ও সরু চঞ্চুর ছোট গোতরা এ দেশের সচরাচর দৃশ্যমান পরিযায়ী জলজ পাখি। জলার চাপাখি, বা পি-উ নামেও পরিচিত। ইংরেজি নাম Marsh Sandpiper। স্কেলোপিসিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Tringa stagnatilis। পূর্ব ইউরোপ ও রাশিয়ার দূরপ্রাচ্যের আবাসিক পাখিটি শীতে আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় পরিযায়ন করে।

প্রাপ্তবয়স্ক পাখির দেহের দৈর্ঘ্য ২২ থেকে ২৬ সেন্টিমিটার (সেমি), প্রসারিত ডানা ৫৫ থেকে ৫৯ সেমি ও ওজন ৪৫ থেকে ১২০ গ্রাম। দেহের ওপরটা ধূসর এবং গলা, বুক ও দেহতল সাদা। উড়ন্ত অবস্থায় গাঢ় রঙের ডানা এবং সাদা কোমর ও লেজ চোখে পড়ে। চঞ্চু কালো ও চোখ বাদামি। পা হলুদাভ বা সবুজাভ। কিন্তু প্রজননকালে দেহের ওপরটা ছোপসহ গাঢ় বাদামি রঙ ধারণ করে। স্ত্রী-পুরুষের চেহারায় কোনো পার্থক্য নেই। ছোট আকার, অপেক্ষাকৃত লম্বা পা ও সরু চঞ্চুর মাধ্যমে গোতরা থেকে পৃথক করা যায়। অপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে বয়স্ক পাখির মতো হলেও ওদের কাঁধ-ঢাকনি বাদামি ও পালক-ঢাকনির পাড় ফ্যাকাশে পীতাভ।  

ছোট গোতরা দেশব্যাপী নদী, মোহনা, বিল, হাওর, কাদাচর, ধানক্ষেত ও উপলকূলে একাকী, জোড়ায় বা জলচর পাখির মিশ্র দলে বিচরণ করে। অগভীর পানিতে হেঁটে হেঁটে নরম কাদায় চঞ্চু ডুবিয়ে বা পানিতে পুরো মাথা ডুবিয়ে ছোট শামুক ও চিংড়িজাতীয় প্রাণী, জলজ পোকা, কেঁচো, ছোট মাছ ইত্যাদি খায়। ‘চি-উইপ--চি-উইপ---’ স্বরে ডাকে। 

ওরা বছরে একবার প্রজনন করে। এপ্রিল থেকে আগস্ট প্রজননকাল। এ সময় আবাস এলাকা, যেমনÑ সাইবেরিয়ায় স্বাদুপানি এবং কখনোসখনো অল্প লোনাপানির উপকূলের মাটি ও ঘাসপূর্ণ এলাকায় একাকী বা অন্যান্য জলচর পাখির সঙ্গে কলোনি বাসা বানায়। শুকনো ঘাস দিয়ে বাসার লাইনিং তৈরি করে। ডিম পাড়ে ৪ থেকে ৫টি, রঙ গাঢ় ছিটছোপযুক্ত সবুজাভ বাদামি। স্ত্রী ও পুরুষ মিলেমিশে ডিমে তা দেয়। ডিম ফোটে ২২ থেকে ২৬ দিনে। বাবা-মা দুজনেই ছানাদের যত্ন করে। আয়ুষ্কাল ৬ থেকে ৭ বছর।

লেখক : পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ এবং অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা